ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ১০ জুলাই পর্যন্ত মুলতবি করেছে আদালত।
মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম আদালত মুলতবি করেন।
সকাল সাড়ে ১০টার দিকে আদালত শুরু হলে শেখ হাসিনার আইনজীবীরা আদালতকে জানান, উচ্চ আদালত থেকে এ মামলার নথি নিম্ন আদালতে এখনও ফেরত আসেনি। এ অবস্থায় মামলার শুনানি করা সম্ভব নয়। সুতরাং আদালত মুলতবি করা হোক।
এরপর বিচারক আগামী ১০ জুলাই পর্যন্ত আদালত মুলতবি করেন।
এদিন শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
এ মামলার অন্যতম আসামি সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে হাইকোর্ট গত ১৮ জুন হাসিনার বিরুদ্ধে মামলার নথি তলব করলে আদালত সাক্ষ্য গ্রহণ ১ জুলাই পর্যন্ত মুলতবি করে।
গত ২ জুন মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে একটি আবেদন করেন। এতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি জামিনও চান তিনি।
এরপর ১১ জুন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বিশেষ বার্তাবাহক মারফত অবিলম্বে ওই নথি পাঠানোর জন্য সংসদ ভবনের বিশেষ আদালতকে নির্দেশ দেয়।
এ মামলায় এ পর্যন্ত মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বরাদ্দ করার সময় প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।
গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এসকে/১১২৭ঘ.
bdnews24