২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল ও বিএসসিসিএল মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড ভেঙে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড ভেঙে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। সোমবার বিটিটিবির কেন্দ্রীয় কার্যালয় টেলিযোগাযোগ ভবনে এক সংবাদ সম্মেলনে নবগঠিত এ কোম্পানি দু'টির বিভিন্ন দিক তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক এবং মন্ত্রণালয়ের সচিব ও কোম্পানি দু'টির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এম এ মালেক বলেন, "টেলিযোগাযোগ সেবায় আরও স্বচ্ছতা আনা ও উন্নত সেবা দেওয়ার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অতি অল্প খরচে গ্রাম পর্যায় পর্যন্ত ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে চাই।" পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়া বিটিসিএল এর ১০০ ভাগ শেয়ার সরকারের হাতে থাকছে। পর্যায়ক্রমে পুঁজিবাজারে বিটিসিএল এর শেয়ার ছাড়া হবে। বিটিটিবির সব সম্পদ ও জনবলসহ ১৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে বিটিসিএল যাত্রা শুরু করছে। অন্যদিকে বিএসসিসিএল এর অনুমোদিত ক্যাপিটাল হচ্ছে ১ হাজার কোটি টাকা। বিটিটিবিতে কর্মরত ১ হাজার ১৭০ জন কর্মকর্তাসহ ১২ হাজার ৬৩৬ জন কর্মী বিটিসিএল এ স্থানান্তরিত হচ্ছে। সরকার এ জন্য ১২ হাজার ৬৩৬ টি সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করেছে। বিটিটিবিকে কোম্পানিতে রূপান্তর করা হলেও এর সম্পদ ও দায়দেনার পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। বিটিসিএল এর চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বলেন, আনুমানিক সম্পদের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। সম্পদ ও দায়দেনা নির্ধারণের জন্য জার্মান প্রতিষ্ঠান ডেটাকনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তারা সম্পদ ও দায়দেনার হিসাব জমা দিতে পারেনি। ডেটাকনের ৩০ এপ্রিলের মধ্যে হিসাব জমা দেওয়ার কথা ছিল। সচিব জানান, সময় বাড়িয়ে ৩০ জুন করা হলেও ডেটাকন তা করেনি বলে নতুন অডিট ফার্ম নিয়োগ করে সম্পদ নির্ধারণ করতে হবে। ইকবাল মাহমুদ বলেন, বর্তমানে বিটিটিবি ১৩ লাখ ল্যান্ড ফোন সংযোগ দেওয়ার ক্ষমতা আছে। তবে ৮ লাখ সংযোগ দেওয়া হয়েছে। বিটিসিএল চার মাসের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সচিব জানান, বিটিসিএল এর তিন মাসের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩৯২ কোটি টাকা। এর মধ্যে উদ্বৃত্ত ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। বিটিসিএল এর অন্য পরিচালকরা হচ্ছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজিয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান, সেনাবাহিনীর পরিচালক (সিগন্যালস) ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস এর সভাপতি মো. হুমায়ুন কবির ও এফবিসিসিআইএর সভাপতি আনিসুল হক। বিএসসিসিএল এর অন্যান্য পরিচালকরা হচ্ছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ হোসেন খান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরাইয়া বেগম, মিলিটারি ইন্সটিটিউটের প্রশিক্ষক কর্নেল আখতার উজ্জামান সিদ্দিকী, ঢাকা চেম্বারস অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হোসেন খালেদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন সাবমেরিন কেবল প্রকল্পের পরিচালক মো, মনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১১৪ঘ.