২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপরিবহনের ভাড়া শিগগিরই পুনঃনির্ধারণ করা হবে

রাজধানীতে গণপরিবহনের ভাড়ার বিষয়টি নির্দিষ্ট করতে শিগগিরই ভাড়া পুনঃনির্ধারণ করা হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক সমস্যা ও সমাধানে করণীয় সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গণপরিবহনের ভাড়ার বিষয়টি নির্দিষ্ট করতে শিগগিরই ভাড়া পুনঃনির্ধারণ করা হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক সমস্যা ও সমাধানে করণীয় সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ সাংবাদিকদের এ কথা বলেন। অতিরিক্ত সচিব জানান, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) একটি কমিটি গণপরিবহনের ভাড়ার বিষয়টি নির্দিষ্ট করার লক্ষ্যে কাজ করছে। কমিটি শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে এ ব্যাপারে প্রতিবেদন দেবে। শেখ আবদুর রশীদ আরও জানান, অননুমোদিত স্থানে যানবাহন পার্কিংয়ের জন্য জরিমানার পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং নির্দিষ্ট জায়গা ছাড়া সড়ক পারাপারের জন্য পথচারীদের জরিমানা পাঁচ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করে মোটরযান অধ্যাদেশ সংশোধন করা হচ্ছে। এ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। শেখ আবদুর রশীদ বলেন, "বর্তমান আইনে শাস্তির মাত্রা অনেক কম। তাই আইনটি সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে পরিবহন বা মোটরযান সংশ্লিষ্ট অপরাধের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আর সড়ক পারাপারের ক্ষেত্রে পথচারীদের সচেতনতাও বাড়বে।" যুগ্ম কমিশনার (ট্রাফিক) জসিমউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঢাকা মহানগরীর জন্য বর্তমানে ৬০০ সার্জেন্ট পদ থাকলেও এর মধ্যে ২০০টিই দীর্ঘদিন ধরে খালি। এসব পদ পূরণের পাশাপাশি ট্রাফিক পুলিশের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, অননুমোদিত স্থানে যানবাহন পার্কিং ও মোটরযান আইন লঙ্ঘনের দায়ে ঢাকা মহানগরীতে প্রতিদিন গড়ে দুই হাজার মামলা হচ্ছে। এর মধ্যে যত্রতত্র পার্কিংয়ের কারণে হয় ৭০০ থেকে ৮০০টি মামলা। যানজট কমাতে রেলওয়ে কর্তৃপক্ষ বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীতে রেল চলাচল বন্ধ রাখছে বলে জানান অতিরিক্ত সচিব। অফিস সময়ে রেল চলাচল বন্ধ থাকায় ঢাকার ২০টি রেলক্রসিংয়ে যানজট কিছুটা কমেছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ঢাকা মহানগরীতে আরো বেশ কিছু সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারে সভায় আলোচনা হয়েছে বলে জানান সচিব। আবদুর রশীদ বলেন, কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত সড়ক রিকশামুক্ত করা হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে সভায় পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার নাঈম আহমেদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন, ঢাকার ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার জসিমউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৯১৭ঘ.