পঞ্চগড়, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড় জজ আদালতে বোমা হামলা এবং বিচারককে হত্যার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আত্মঘাতী স্কোয়াডের এক সদস্যসহ তিন সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমূল্য কুমার সরকার এ রায় দেন।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবি জঙ্গিরা হামলায় চালায়। ওই দিন পঞ্চগড় জজ আদালত চত্ত্বর, বাস টার্মিনাল, জেলা প্রশাসকের কার্যালয়সহ ৮টি স্থানে বোমা হামলা চালায় জঙ্গিরা। তবে হামলায় কেউ হতাহত হয়নি।
সাজাপ্রাপ্তরা হলেন- জেএমবি'র আত্মঘাতী স্কোয়াডের সদস্য তানভীরুজ্জামান ওরফে সালমান ওরফে মুরাদ(২৫), জেএমবি সদস্য আসজাদ ওরফে আওকাত (২৮) ও সফিকুল ইসলাম (৩৫)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাওলানা নুরে আলম নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আওয়ালকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আওয়ালের স্বীকারোক্তি মতে ২০০৫ এর ১৯ নভেম্বর পঞ্চগড় শহরের নতুন বস্তি এলাকার অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকারের ভাড়া বাসা থেকে পুলিশ সাজাপ্রাপ্ত তিনজনকে আটক করে। গ্রেপ্তারের সময় ওই বাসা থেকে পুলিশ জিহাদি বই, লোহার জালের কাঠি, গন্ধক, বৈদ্যুতিক তার, ব্যাটারি, জর্দার কৌটা, কাঠের গুড়াসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
পঞ্চগড় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির ওই দিনই বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
ওই বছরের ১৫ ডিসেম্বর দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের মুসলিম পাইকান গ্রামের বাড়ি থেকে পুলিশ খালাস পাওয়া জেএমবি সদস্য মাওলানা নুরে আলমকে গ্রেপ্তার করে।
২০০৬ সালের ১৫ জুন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সিদ্ধার্থ শংকর দে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ৪০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলার রায় দেয়।
জিজ্ঞাসাবাদে তানভীরুজ্জামান নিজেকে জেএমবির আত্মঘাতী স্কোয়ার্ডের সদস্য এবং পঞ্চগড় জজ কোর্টে ১৭ আগস্টে বোমা হামলা ও তৎকালীন জেলা ও দায়রা জজ রাশিদুল হাসান পাটোয়ারিকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন।
রায় ঘোষণার আগে সকাল থেকে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান। তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
খালাসপ্রাপ্ত নুরে আলমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম হাফিজ। তবে সাজাপ্রাপ্তরা নিজেরা কোন আইনজীবি নিয়োগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৮০৯ ঘ.
bdnews24