ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ২০০৮-'০৯ অর্থবছরের বাজেট (অর্থ বিল-২০০৮) অনুমোদন করেছেন।
সোমবার বঙ্গভবনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম অর্থ বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য উপস্থাপন করলে তিনি তাতে স্বাক্ষর দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আওয়াল হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওই সময় অর্থ উপদেষ্টা ছাড়াও পরিকল্পনা কমিশনের সচিব জাফর আহমেদ চৌধুরী, অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম ও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিনও সেখানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/জিএনএ/১৬২৫ ঘ.
bdnews24