জয়পুরহাট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলায় হেলকুন্ডা গ্রামের এক হত্যা মামলায় ১৯ জনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি প্রণব মোহন্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ছোট হেলকুন্ডা গ্রামের মহির উদ্দীনের ছেলে আসমত উল্লাহ প্রধান, তার ছেলে আব্দুর রাজ্জাক, মিছির আলীর ছেলে আব্দুর রহমান, তার ছেলে জহুরুল ইসলাম, তমিজ উদ্দীনের ছেলে মোজাম্মেল হক, ইয়ার মামুদের ছেলে নুরুল ইসলাম, মোজাম্মেল হোসেনের ছেলে জামাল উদ্দীন, কুফরা মণ্ডলের ছেলে রিয়াজ উদ্দীন, শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জবেদ আলী, গাংরাইলের মোজাফফরের ছেলে আজাহার আলী, বিজলা উড়াও এর তিন ছেলে বিনয় উড়াও, উধয় উড়াও, ললিত উড়াও, ঝ্যাগড়া উড়াও-এর তিন ছেলে শুনিল উড়াও, প্যাগড়া উড়াও, কানু উড়াও-এর ছেলে বিমল উড়াও, দপ্তপুর গ্রামের আক্কাস আলীর ছেলে নজরুল ইসলাম ও আব্দুল বাকী এবং উকিল উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৫ আগস্ট সকালে ছোট হেলকুন্ডা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল মাঠে ধান রোপন করতে গেলে জমি সংক্রান্ত বিরোধের জের আসামিরা তীর-ধনুক নিয়ে আক্রমণ চালায়। এ সময় তীরবিদ্ধ হয়ে রবিউল ঘটনাস্থলেই মারা যান।
রবিউলের চাচাত ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে ওই দিনই জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০০২ সালের ১৬ মে আদালতে অভিযোগপত্র দেয়।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) আব্দুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৭ ঘ.
bdnews24