ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যবস্থাপনায় সাবমেরিন কেবল সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ১১টি প্রস্তাব জমা পড়েছে।
গত মার্চ মাসের শেষদিকে বিটিআরসি বেসরকারিভাবে কেবল স্থাপনের জন্য প্রস্তাব আহ্বান করে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময়সীমা ১৫ জুন থাকলেও পরে তা ২৯ জুন পর্যন্ত বাড়ানো হয়।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত বর্তমান সাবমেরিন কেবলের বিকল্প তৈরি, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি এবং গ্রাম পর্যায়ে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে রোববার বিকাল পর্যন্ত ১১টি প্রস্তাব পাওয়া গেছে।"
মাত্র একটি সাবমেরিন কেবলে যুক্ত থাকায় বাংলাদেশ ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, "বর্তমান সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথের ভাড়া প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। আশা করা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক দামে ব্যান্ডউইডথ বরাদ্দ দেবে।"
বিটিআরসি সূত্র জানিয়েছে, বেশির ভাগ প্রস্তাবই কনসোর্টিয়াম আকারে জমা পড়েছে। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে বিদেশি কোম্পানি এসব প্রস্তাব দিয়েছে। দু'একদিনের মধ্যেই এগুলো খোলা হবে। কো-পার্টনার হিসাবে ভারতের টাটা টেলিকমিউনিকেশন, রিলায়েন্স টেলিকমিউনিকেশন, মহানগর টেলিকমিউনিকেশন লিমিটেড, হংকং পিসিসিডব্লিও সাবমেরিন কেবলের জন্য প্রস্তাব জমা দিয়েছে।
বিটিআরসির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক বা একাধিক সাবমেরিন কেবলের সংযোগ দেওয়া হতে পারে। তবে জমা পড়া প্রস্তাবের সম্ভাব্যতা ও কারিগরি দিক যাচাই-বাছাই করে কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
প্রস্তাবগুলো বাছাই শেষে 'গণশুনানি'র আয়োজন করা হবে বলেও জানান বিটিআরসির ওই কর্মকর্তা।
বর্তমানে বাংলাদেশ 'এসইএ-এমই-ডব্লিওই-৪' সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত রয়েছে। ২০০৬ সালের ২১ মার্চ বাংলাদেশ এ কেবলের সঙ্গে যুক্ত হয়। ১৪ টি দেশের ১৬টি টেলিকম প্রতিষ্ঠান এ কেবল ব্যবহার করছে।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ৪৩৭ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার কেবল এ পর্যন্ত ২৩ বার বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এতে প্রতিবারই ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ে। এর মধ্যে কমপক্ষে আটবার এটি নাশকতামূলকভাবে ঘটানো হয়েছে বলে বিটিটিবি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে।
টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) সূত্রে জানা গেছে, বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে এমসিএস কেবল, টিআইসি সাবমেরিন কেবল, এশিয়া আমেরিকা গেটওয়ে কেবল (এএজি), এসইএ-এমই-ডব্লিওই-৩, এসইএ-এমই-ডব্লিওই-৫। এছাড়াও স্থলভাগের সংযোগের জন্য জন্য রিলায়েন্স ও টাটা কমিউনিকেশন প্রস্তাব দিয়েছিল।
সাবমেরিন কেবল 'এসইএ-এমই-ডব্লিওই-৩' এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ ইতোমধ্যে মিয়ানমারকে প্রস্তাব দিয়েছে। মিয়ানমার ওই সংযোগটির সঙ্গে যুক্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২১০৮ঘ.
bdnews24