২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের প্রার্থিতার সুযোগ দিতে ইসির প্রস্তাব

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ দিতে সদ্য প্রণীত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। আগামী ৩ জুলাইয়ের আগে উপদেষ্টা পরিষদ এতে সম্মতি দিলে তফসিল ঘোষিত পৌর ও সিটি নির্বাচনে শিক্ষকরা প্রার্থী হতে পারবেন। জানাচ্ছেন মইনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনে শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ দিতে সদ্য প্রণীত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩ জুলাইয়ের আগে উপদেষ্টা পরিষদ ওই প্রস্তাবে সম্মতি দিলে তফসিল ঘোষিত এবারের পৌর ও সিটি নির্বাচনেই শিক্ষকরা প্রার্থী হতে পারবেন। তবে নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ছাড়তে হবে তাদের। স্থানীয় সরকার (সিটি করপোরেশন ও পৌরসভা) অধ্যাদেশ, ২০০৮ সংশোধনের প্রস্তাবটি রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায় ইসি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটি পাওয়ার কথা স্বীকার করে বলা হয়েছে, অনুমোদনের জন্য দুই একদিনের মধ্যে তা উপদেষ্টা পরিষদে পাঠানো হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনের সুযোগ দিয়ে অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করেছি আমরা। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।'' নির্বাচন কমিশনার বলেন, "প্রস্তাবটি অনুমোদন হলে শিক্ষকদের প্রার্থী হতে বাধা না থাকবে না। তবে নির্বাচিত হলে শপথ গ্রহণের আগে নিজ প্রতিষ্ঠানের পদ ছাড়তে হবে।" স্থানীয় পর্যায়ের নির্বাচনে রাজনৈতিক পদাধিকারী ব্যক্তির অংশ নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের বিধান রেখেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, "ইসির প্রস্তাব আমাদের কাছে পৌঁছেছে। এখন অধ্যাদেশটি সংশোধনের জন্যে উপদেষ্টা পরিষদে পাঠাতে হবে। আগামী পৌর ও সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩ জুলাইয়ের আগেই এ প্রক্রিয়া শেষ করতে হবে।" গত ১৪ মে স্থানীয় সরকার (সিটি করপোরেশন ও পৌরসভা) অধ্যাদেশ, ২০০৮ জারি করেন রাষ্ট্রপতি। এতে বলা হয়েছে, সরকারি অনুদানপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সংস্থার সার্বক্ষণিক বা খণ্ডকালীন পদে চাকরিরতরা মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অধ্যাদেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থী হতে চারটি যোগ্যতা ও ২০টি অযোগ্যতা নির্ধারণ করা হয়। উপজেলা ও পৌর নির্বাচনে শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের বিরোধিতা করে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের একটি সংগঠন (জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের) বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত ২৫ জুন এক গোলটেবিল আলোচনায় সংগঠনের নেতারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকার ও ইসিকে আহ্বান জানান। সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ সেখানে বলেন, "নির্বাচনে প্রার্থী হওয়া আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। আমরা নির্বাচন কমিশন ও সরকারকে অগ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।" রোববার ইসি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব পাঠানোর পর কাজী ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক সমাজের অধিকারটি পুনর্বহাল করলে আমরা সরকার ও ইসিকে সাধুবাদ দেব। আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সর্বাত্মক সহযোগিতাও থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৯৩৫ ঘ.