২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এআইজি শহীদুল্লাহর ১৩ বছর সাজা

দুর্নীতির দায়ে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এআইজি) শহীদুল্লাহ খানকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে তার স্ত্রীকে। এই দম্পতির কোটি টাকার সম্পদও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 10:46 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এআইজি) শহীদুল্লাহ খানকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে তার স্ত্রীকে। এই দম্পতির কোটি টাকার সম্পদও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালতের বিচারক খোন্দকার কামাল উজ জামান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত এই দম্পতি পলাতক রয়েছে। তাদের অনুপস্থিতিতেই এ মামলার রায় হয়। আদালতের রায়ে ১৩ বছর কারাদণ্ডের পাশাপাশি শহীদুল্লাহকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। স্বামীর দুর্নীতির সহায়তা করায় মাসুদা খানকে তিন বছর কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার অর্থ না দিলে মাসুদাকে আরও ছয় মাস সাজা খাটতে হবে। উভয় আসামি আটক কিংবা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়। আদালত অবৈধভাবে অর্জিত এ দম্পতির ১ কোটি ২৪ লাখ ২৮ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে। শহীদুল্লাহ দম্পতির বিরুদ্ধে গত বছরের ২৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমআই/১৬৩৯ ঘ.