ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও কলোম্বের মধ্যে সরাসরি ফ্লাইট দ্রুত চালুর ব্যাপারে আশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগলাগামা।
রোববার রাষ্ট্্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীরর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রোহিথা বোগলাগামা বলেন, "দু'দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যপারে ইতোমধ্যেই চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। আশা করি দ্রুত আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে। একইভাবে বাংলাদেশও কলম্বোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।"
বাংলাদেশ-শ্রীলংকার সম্পর্কের পরিসর আরো বাড়াতে দু'দেশের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
শ্রীলংকায় বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রস্তাবিত ফ্লাইটের রুট কলম্বো-ঢাকা-কাঠমাণ্ডু-কলম্বো হতে পারে।
শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ১৫তম সার্ক সম্মেলনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে গত শনিবার ঢাকা আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ২ ও ৩ আগস্ট কলম্বোতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থার (সার্ক) সরকার প্রধানদের নিয়ে এ সম্মেলন হবে।
বৈঠকে আগামী ৩১ জুলাই কলম্বোতে অনুষ্ঠেয় সার্ক মন্ত্রিপরিষদ সভার আমন্ত্রণপত্র পররাষ্ট্র উপদেষ্টাকে তুলে দেন রোহিথা বোগলাগামা।
আগামী সোমবার রোহিথা বোগলাগামার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/১৬৩৫ ঘ.
bdnews24