২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ধাক্কায় ঢাকা কলেজের ছাত্র আহত, ভাংচুর-আগুন

গাড়ির ধাক্কায় এক সহপাঠি আহত হওয়ার ঘটনায় শনিবার রাজধানীর মিরপুর সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একটি গাড়িতে তারা আগুনও ধরিয়ে দেয়। ওই সময় প্রায় আধা ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ির ধাক্কায় এক সহপাঠি আহত হওয়ার ঘটনায় শনিবার রাজধানীর মিরপুর সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একটি গাড়িতে তারা আগুনও ধরিয়ে দেয়। ওই সময় প্রায় আধা ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইক্রোবাসটিকে সঙ্গে সঙ্গেই আটকে ফেলে চালক ইদ্রিসকে ধরে গণপিটুনি দেয়। পরে তারা মাইক্রোবাসটিকে টেনে কলেজ ক্যাম্পাসে নিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কক্ষও ভাংচুর করে। তারা কলেজের সামনে গতিরোধক স্থাপনের দাবি জানায়। একই সময় আরেক দল শিক্ষার্থী কলেজের সামনের মিরপুর সড়কে ১৫টির মতো গাড়ি ভাংচুর করে। তখন ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে বলে নিউ মার্কেট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। দুপুর দেড়টার দিকে গাড়ি চলাচল আবার শুরু হয়। ওসি জানান, আহত সাইফুলকে প্রথমে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতর বিক্ষোভ করলেও এরপর পরিস্থিতি শান্ত হয়ে আসে। কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাহিনুর নামে কলেজের এক ছাত্র জানান, তারা দীর্ঘদিন ধরে কলেজের সামনে গতিরোধক স্থাপনের দাবি জানাচ্ছেন। কিন্তু অধ্যক্ষ সে ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা শনিবার তার কক্ষ ভাংচুর করে। রোববার শিক্ষার্থীরা আবারো কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৭৫২ ঘ.