যশোর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদামতো সার না পেয়ে শুক্রবার মনিরামপুর উপজেলার নেংগুরাহাট বাজারে কৃষকরা বিক্ষোভ ও ডিলারের দোকান ভাঙচুর করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালুয়াহাটি, রতিনদিয়া, আটঘোড়া, শায়লা ও গৌরীপুর গ্রামের কয়েক হাজার কৃষক সকাল ৯টার দিকে সার নিতে নেংগুরাহাট বাজারের ডিলার ফজলুর রহমানের দোকানে আসে। কিন্তু চাহিদামতো সার না পেয়ে তারা দোকান ঘেরাও বিক্ষোভ করে এবং রাস্তা অবরোধ করে রাখে।
বিক্ষুব্ধ কৃষকরা এক পর্যায়ে ডিলারের দাকান ভাঙচুর করে। তারা কৃষি কর্মকর্তা আমিনুল হক ও ডিলার ফজলুর রহমানকে প্রায় সাড়ে তিন ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখে।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বিক্ষোভ চলাকালে মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত আনোয়ার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে জেলা প্রশাসককে জানান। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এরপর ইউএনও রাহাত আনোয়ার নিজ হাতে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, এ ঘটনায় কৃষি বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার (জুনিয়র কৃষি কর্মকর্তা) আব্দুর রশীদকে সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়া ওই ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩২ ঘ.
bdnews24