২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্বাচনী পরীক্ষাকে গুরুত্ব দেওয়ায় ভালো ফল হয়েছে এসএসসিতে'

নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অনুত্তীর্ণদের এসএসসিতে অংশ নিতে না দেওয়া কারণেই এবার ভাল ফলাফল হয়েছে বলে মনে করছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বাড়ায় পরীক্ষায় ভালো ফলের ক্ষেত্রে এর প্রতিফলন ঘটছে বলেও মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অনুত্তীর্ণদের এসএসসিতে অংশ নিতে না দেওয়া কারণেই এবার ভাল ফলাফল হয়েছে বলে মনে করছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বাড়ায় পরীক্ষায় ভালো ফলের ক্ষেত্রে এর প্রতিফলন ঘটছে বলেও মনে করেন তিনি। এবার এসএসসিতে ভাল ফলের কারণ জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার নির্বাচনী পরীক্ষায় যারা এক বিষয়েও ফেল করেছে তাদের মূল পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। নিয়মটি গত কয়েক বছর ধরে থাকলেও এবার সেটি কড়াকড়িভাবে মানা হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে এসএসসি পরীক্ষার ফলাফলে।" তিনি বলেন, "নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এসএসসিতেও উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রাখে। কারণ নির্বাচনী পরীক্ষা যেসব বিষয়ের ওপর হয়ে থাকে এসএসসি পরীক্ষাও সেই সব বিষয়েই হয়। এ হিসেবে এবার ফলাফল আরো ভাল হওয়া উচিত ছিল।" তিনি আরো বলেন, "আগে অনেক অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষা দিত। কিন্তু এবার আগেই তাদের অধিকাংশ ঝরে গেছে। যারা টিকে ছিল তারা ভালো করাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ায় পরীক্ষার ফলে এর প্রভাব পড়েছে।" শিক্ষার্থীদের পড়াশোনা আগের চেয়ে বেড়েছে জানিয়ে অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, "পরীক্ষকরাও নম্বর দেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে উদার হচ্ছেন। এর ইতিবাচক প্রভাব পড়ছে ফলাফলে।" দেশের নয়টি শিক্ষাবোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ হয়। এ বছর সাতটি শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮১ শতাংশ; যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ বেশি। এবার এসএসসিতে জিপিএ- ৫ পাওয়ার সংখ্যা গতবারের চেয়ে ১৬ হাজার ১৮৫ বেশি। মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে নয়টি বোর্ডে উত্তীর্ণের হার ৭২ দশমিক ১৮ শতাংশ, যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৮২ শতাংশ বেশি। জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যাও এবার ১৯ হাজার ৮৫৪ বেড়েছে। নয় বোর্ডে মোট জিপিএ- ৫ পেয়েছে ৫২ হাজার ৫০০ জন। সমসাময়িক সময়ে এবারই সবচেয়ে ভাল ফল হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ফল প্রকাশ উপলক্ষে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "অভিভাবকদের নিরলস প্রয়াস, ছাত্র-ছাত্রীদের অধিকতর মনোনিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের পরিশ্রম, শিক্ষা মন্ত্রণালয় গৃহীত প্রকল্পের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ এবং সর্বোপরি শিক্ষার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার নিরলস প্রচেষ্টার ফলেই পরীক্ষায় উত্তীর্ণের হার বেড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/২০২৫ ঘ.