২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি খাতে বরাদ্দের ৩০ - ৫০ শতাংশ যায় সিস্টেম লসে: মোজাফ্ফর

বাংলাদেশের অর্থনীতির অন্যান্য খাতের মতো পানি খাতও দুর্নীতিগ্রস্ত। এ খাতে বরাদ্দের ৩০ থেকে ৫০ শতাংশ সিস্টেম লসে চলে যায়। বিশ্বের বিভিন্ন দেশে পানি খাতের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এ তথ্য জানানো হয়েছে। তবে বাংলাদেশের এ খাতের দুর্নীতির আর্থিক পরিমাপ সংস্থাটি হাজির করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের অর্থনীতির অন্যান্য খাতের মতো পানি খাতও দুর্নীতিগ্রস্ত। এ খাতে বরাদ্দের ৩০ থেকে ৫০ শতাংশ সিস্টেম লসে চলে যায়। বিশ্বের বিভিন্ন দেশে পানি খাতের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এ তথ্য জানানো হয়েছে। তবে বাংলাদেশের এ খাতের দুর্নীতির আর্থিক পরিমাপ সংস্থাটি হাজির করেনি। 'টিআই গ্লোবাল করাপশন রিপোর্ট ২০০৮: করপাশন ইন দ্যা ওয়াটার সেক্টর' নামে প্রতিবেদনটি বৃস্পতিবার প্রকাশ করা হয়েছে। ঢাকা, বার্লিন ও লন্ডনে একযোগে এটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, পানি সম্পদ খাতে প্রকল্প বাস্তবায়ন ও দরপত্রসংক্রান্ত কাজে আর্থিক অনিয়ম হয় বেশি। সেচ ব্যবস্থা, নদী খনন এবং বন্যা নিয়ন্ত্রণের মতো পানি খাতের মূল উন্নয়ন কাজে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় দুর্নীতি করে থাকে। শহরাঞ্চলে এ খাতের দুর্নীতির আরেকটি ধরন হচ্ছে দখল। শহরের মধ্যে দিয়ে প্রবাহিত খাল ও নদী দখল হচ্ছে। রাজউকের অনেক কর্মকর্তা দখলদারদের সঙ্গে কাজ করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মানুষের পানির নিশ্চয়তা নেই। পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা নেই ২ দশমিক ৬ বিলিয়ন মানুষের। দুর্নীতির কারণে পানি সঙ্কট আরও বাড়ছে। এতে নারী ও দরিদ্ররাই বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। উন্নয়নশীল দেশে ৮০ ভাগ রোগব্যাধি হয়ে থাকে পানি ও স্যানিটেশনের অপর্যাপ্ত সুবিধার কারণে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, পানি নিয়ে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দুবৃর্ত্তায়ণ হচ্ছে। পানি ব্যবস্থাপনার সঙ্গে স্থানীয় সরকার, গণপূর্ত, ভূমি, নৌপরিবহন, শিল্প, কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয় জড়িত। এ খাতের দুর্নীতির আর্থিক পরিমাপ নেই। তবে আনুমানিক হিসাবে বলা যায় পানি ব্যবস্থাপনা খাতে ৩০ থেকে ৫০ ভাগ সিস্টেম লসে চলে যায়। এসব মন্ত্রণালয়ে যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তার মধ্যে উন্নয়ন পরিকল্পনা বেশি থাকে। বন্যা নিয়ন্ত্রণে সব সময় বাঁধ নির্মাণ করা হয়। এ সব বাঁধ নির্মাণে অপচয় বা দুর্নীতি হয়। তিনি বলেন, "বাংলাদেশে এক সময় ১৩০০ নদী ছিল। এখন শুষ্ক মওসুমে ১০৭টির বেশি নদী পাই না। পলি জমে মরে যাচ্ছে। এগুলো অব্যবস্থাপনার ফলাফল। অপরিকল্পিত ব্রিজ কালভার্টের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।" "এটাকে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বলতে পারেন।" অধ্যাপক মোজাফফর আহমদ আরও বলেন, আমাদের ৫৪টি আন্তঃসীমান্ত নদী আছে। এর মধ্যে কেবল পদ্মা নিয়ে চুক্তি আছে। এসব নদীর ন্যায্য হিস্যা আদায় করতে না পারলে দেশের মানুষ বাস্তহারা হবে। আমাদের দেশে মরুকরণ শুরু হয়েছে। আন্তঃসীমান্ত নদী সরকারের নীতি স্পষ্ট নয়। সরকার দর কষাকষি করতে পারে না। এ অঞ্চলের নদী ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান ও চীনকে নিয়ে বহুদেশীয় চুক্তি করা যেতে পারে। প্রয়োজনে বিশ্বব্যাংক এ বিষয়ে সম্পৃক্ত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২১০৪ ঘ.