নড়াইল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে ভ্যাট আদায়কে কেন্দ্র করে মঙ্গলবারের অপ্রীতিকর ঘটনার পর কর কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। উৎকোচের বিনিময়ে ভ্যাট কমানো থেকে শুরু করে ভয় দেখিয়ে দোকান থেকে জুতা নেওয়া পর্যন্ত বিভিন্ন অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।
তবে কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের যশোর সার্কেলের সুপারিটেনডেন্ট মোল্লা ওয়াজেদ আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গলবার মোল্লা ওয়াজেদ আলীর নেতৃত্বে ভ্যাট কর্মকর্তারা রূপগঞ্জ বাজারের কাপড়ের ব্যবসায়ী রণজিৎ নন্দীর (৫২) দোকানে গিয়ে ভ্যাটের রশিদ দেয়ার কিছুণ পর হৃদরোগে তার মৃত্যু হয়। এ ঘটনায় ুব্ধ হয়ে স্থানীয় ব্যবসায়ীরা ভ্যাট আদায়কারী দলকে ধাওয়া করে এবং প্রায় তিন ঘণ্টা তাদের নড়াইল প্রেস কাবে আটকে রাখে।
বুধবার শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ভ্যাট আদায় নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন।
জমাদ্দার টাওয়ারের মিনি ডিজিটালের মালিক আরাফাত হোসেন ভ্যাটের চালানের দুটি রশিদ দেখিয়ে সাংবাদিকদের জানান, মঙ্গলবার কর আদায় করতে এসে কর্মকর্তারা প্রথমে তাকে দুই হাজার চারশ' টাকার রশিদ দেন। পরে তার কাছ থেকে সাতশ টাকা উৎকোচ নিয়ে আটশ টাকার একটি নতুন রশিদ দেন তারা।
রূপগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী হাসান আলীর অভিযোগ, তিনি ২৪০০ টাকা ভ্যাট দেয়ার পরও ভয় দেখিয়ে তার দোকান থেকে পাঁচশ' টাকার জুতা নিয়ে গেছে কর্মকর্তারা।
শহরের হাসপাতাল মার্কেটের জামান এন্টারপ্রাইজের মালিক আলিমুজ্জামান ও নিপুন এন্টারপ্রাইজের মালিক হেমায়েত হোসেন জানান, ২০০৭-০৮ অর্থবছরের মে মাস পর্যন্ত তাদের ভ্যাট পরিশোধ করা থাকলেও এক মাসের (জুন-০৮) জন্য তাদের প্রত্যেককে নতুন করে চার হাজার আটশ' টাকার ভ্যাটের রশিদ ধরিয়ে দিয়েছে কর কর্মকর্তারা।
ব্যবসায়ীরা জানান, মোল্লা ওয়াজেদ আলীর নেতৃত্বে ৯ সদস্যের একটি দল মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন বাজারে ভ্যাট আদায়ে বের হন। বেলা ১২টার দিকে তারা রূপগঞ্জ বাজারের কাপড়ের ব্যবসায়ী রনজিৎ নন্দীর (৫২) দোকানে গিয়ে দুই হাজার চারশ' টাকার ভ্যাটের রশিদ কেটে দেন।
রণজিতের ছেলে সুজন নন্দী সাংবাদিকদের বলেন, তার বাবা ভ্যাটের টাকা কমানোর জন্য কর্মকর্তাদের অনুরোধ করেন। কিন্তু আদায়কারীরা তা প্রত্যাখ্যান করে বেলা তিনটার মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেয়। তা না হলে দোকানে তালা মেরে দেয়ারও হুমকি দেন কর্মকর্তারা।
সুজন অভিযোগ করেন, তার বাবা ভ্যাটের টাকা যোগাড় করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় বিকেল ৪টার দিকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে রণজিতের মৃত্যুর পর স্থানীয় ব্যবসায়ীরা ুব্ধ হয়ে ভ্যাট কর্মকর্তাদের ধাওয়া করলে তারা নড়াইল প্রেসকাবে আশ্রয় নেন। উত্তেজিত ব্যবসায়ীরা সেখানে রাত সাড়ে ৮টা পর্যন্ত আটকে রাখে তাদের। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রূপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্যাট কর্মকর্তারা বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে নিয়ম বহির্ভুতভাবে ভ্যাট আদায় করেছেন। ভ্যাট দিতে হবে না এ কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষও নিয়েছেন তারা।
তবে মঙ্গলবার ভ্যাট আদায়কারী দলের নেতৃত্বে থাকা সুপারিটেনডেন্ট মোল্লা ওয়াজেদ আলী অনিয়ম বা ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা নিয়ম মেনেই ভ্যাট আদায় করেছি। রণজিৎ নন্দীর মৃত্যুর সঙ্গে ভ্যাট আদায়ের ঘটনার কোনো সম্পর্ক নেই।"
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রণজিৎ নন্দীর মৃত্যু ও সন্ধ্যায় ভ্যাট কর্মকর্তাদের ধাওয়া করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/এমএইচবি/২৩৪৪ ঘ.
bdnews24