ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গত এপ্রিলের তুলনায় মে মাসে খুন, গাড়ি চুরি ও মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহম্মেদ দাবি করেছেন, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "গত মে মাসে রাজধানীতে মোট ৩১টি খুনের ঘটনা ঘটলেও এর মধ্যে ১৫টি মামলারই রহস্য উদঘাটিত হয়েছে।"
গত এপ্রিল মাসে রাজধানীতে মোট ২৫টি খুনের ঘটনা ঘটেছিল।
নাইম আহম্মেদ বলেন, "গোলাগুলি আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে, তবে এটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।"
গাড়ি চুরির হার কিছুটা বাড়ার কথা স্বীকার করে তিনি বলেন, "আমরা গাড়ির পাশাপাশি মোটর সাইকেল চুরি ঠেকানোর ওপর গুরুত্ব দিচ্ছি। আগামী মাস থেকে রাজধানীতে মোটরসাইকেল চুরি প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করা হবে।"
পুলিশ কমিশনারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে গত মে মাসে মোট ৫৬টি গাড়ি চুরি হয়েছে। এর মধ্যে ২৪ জুন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র নয়টি। অন্যদিকে এপ্রিল মাসে ৬২টি গাড়ি চুরি হয়েছিল।
তিনি বলেন, "মে মাসে জারি হওয়া ১৫৬৮টি গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে তামিল হয়েছে মাত্র ৫৫টি। এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আরো উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
রাজধানীতে মাদকদ্রব্যের ব্যাবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নাইম আহম্মেদ বলেন, "এ ব্যাপারে শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে।"
রাজধানীতে গত এপ্রিল মাসে মাদক আইনে মোট ৩৪৯টি মামলা হয়। মে মাসে এ সংখ্যা বেড়ে ৪০৪টি হয়েছে।"
রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুস সালাম, মহানগর পুলিশের বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24