২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাতার সুর মইনের: টাইম

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশকে যতো দ্রুত সম্ভব অর্থলোলুপ, দুর্নীতিগ্রস্ত ও নৈরাশ্যজনক রাজনীতির কবল থেকে মুক্ত করা প্রয়োজন। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশকে যতো দ্রুত সম্ভব অর্থলোলুপ, দুর্নীতিগ্রস্ত ও নৈরাশ্যজনক রাজনীতির কবল থেকে মুক্ত করা প্রয়োজন। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। গত বৃহস্পতিবার টাইমের ওয়েবসাইটে সাক্ষাতকারটি প্রকাশ করা হয়। এতে বাংলাদেশে রাজনীতি ও গণতন্ত্রের ব্যর্থতা নিয়ে মইনের মতামত তুলে ধরা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পট পরিবর্তন এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ সম্পর্কে মইন টাইম ম্যাগাজিনকে বলেন, "সেসময় পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। সারা পৃথিবীর মানুষ তখন ঢাকার রাস্তায় মানুষের নিহত হওয়ার দৃশ্য দেখেছে। এ অবস্থাকে কি সামনে এগুতে দেওয়া যায়?" সেনাপ্রধানের মতে, "কোনো ধরনের সরকার ব্যবস্থাই খারাপ নয়। মানুষই একে খারাপ বানায়।" টাইম ম্যাগাজিন লিখেছে, ১১ জানুয়ারির পর বাংলাদেশে নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং হাজার হাজার 'সমস্যাসৃষ্টিকারীকে' রাতের আঁধারে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, "এটা বোঝা কঠিন নয় যে, মইন ও তার সেনাবাহিনীই এই পুরো ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণ করেছে।" ১১ জানুয়ারির কারণ ও প্রেক্ষাপটকে 'অকার্যকর রাজনীতি ও লোভ লালসার ইতিহাস' অভিহিত করে টাইম লিখেছে, "মইন দাবি করেছেন, তিনি এ ইতিহাস মুছে ফেলতে চান। আর তত্ত্বাবধায়ক সরকারও শুদ্ধি অভিযান চালিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে পেরে অনেকটাই সন্তষ্ট।" টাইম লিখেছে, "এই দুর্নীতিবিরোধী অভিযান ও সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদদের দুর্নীতি ছাড়ানো সম্ভব বলেই মনে করেন মইন।" সাক্ষাতকারে সেনাপ্রধান বলেন, "বাংলাদেশের গ্রামের মানুষ খুব সহজ সরল, হৃদয়বান। একজন অপরাধীও যদি তাদের কাছে গিয়ে কান্নাকাটি করে, তারা ক্ষমা করে দেবে।" প্রতিবেদনে বলা হয়, "মইন যদিও বলেছেন, তিনি বা তার সেনাবাহিনী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা করছেন; তবে ঢাকায় অনেকেই বিশ্বাস করে, সেনাবাহিনীই সরকারের পেছন থেকে সব কলকাঠি নাড়ছে।" এতে আরো বলা হয়, "বাংলাদেশে অনেকেরই সন্দেহ, মইন ও সরকারের উপদেষ্টারা প্রধান রাজনেতিক দলগুলোকে বাদ দিয়ে নিজেদের পছন্দের কিছু প্রার্থী নিয়ে স্থানীয় ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন।" টাইমের মতে, গণতান্ত্রিক অঙ্গীকার করার চেয়ে মইন বাংলাদেশে নতুন ও কার্যকর নেতৃত্ব গড়ে তোলা এবং দেশের বিপুল সংখ্যক নিরক্ষর মানুষকে কেমন করে শিক্ষিত করে তোলা যায়- তা নিয়ে কথা বলতেই বেশি আগ্রহী। সাক্ষাতকারের শেষ পর্যায়ে মইন উ আহমেদ টাইমকে বলেন, "একটি দেশের জনগণ কেমন নেতা নির্বাচন করলো, তা দিয়েই দেশটির মানুষকে মূল্যায়ন করা যায়।" আর প্রতিবেদনের শেষ পর্যায়ে টাইম লিখেছে, "মইনের কথার সুর কেবল একজন ত্রাতার ক্ষেত্রেই মানানসই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এফএফ/জেকে/এমএ/১৭৫৭ ঘ.