২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

চকরিয়া উপজেলার খুটাখালীতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রোববার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দশজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 06:04 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

কক্সবাজার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলার খুটাখালীতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রোববার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দশজন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- মাইক্রোবাস চালক কক্সবাজার সদরের ঈদগাঁও বাঁশকাটা এলাকার ফরিদুল আলম (২৫), পেকুয়া উপজেলার বারোবাকিয়া গ্রামের রেজু ফকিরের স্ত্রী মোসাম্মত মুনা (৪২) ও তার মেয়ে মোসাম্মত নাসিমা (২৫)। আহতদের মধ্যে নয়জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- বান্দরবান জেলার লামা হারগাজা এলাকার সৈয়দ কাশিম (২০), কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকার ছোটন চৌধুরী (২৬), ডুলাহাজারা মাইজপাড়ার মুজিবুল হক (২৭), ডুলাহাজারা বালুরচর এলাকার ফরিদ আলম, মাইক্রোবাসের হেলপার কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার কবির আহমদ (২০), মহেশখালী উপজেলার ধলঘাট এলাকার তৈয়ব বুলবুল (৩৫), তার স্ত্রী এলমুননেছা (৩০), খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকার সোনা মিয়ার ন্ত্রী দিলদার বেগম এবং ভলবো বাসের ড্রাইভার মোহাম্মদ হাসান। এদের মধ্যে প্রথম ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষ তিনজনকে ডুলাহাজারা খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রিনলাইন ভলবো সার্ভিসের একটি বাস কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি খুটাখালীর কচ্ছপিয়া ঢালা এলাকায় পৌঁছানোর পর কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের সাত যাত্রী মারা যান। পরে ডুলাহাজারা খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর একটি শিশুর মৃত্যু হয়। শিশুটির পরিচয় জানা যায়নি। ওই পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ আত্মীয়স্বজনদের দিয়ে দেওয়া হবে। নিহতদের পরিচয়ের সন্ধান চলছে। ডুলাহাজারা খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. বাবুল দাশ সাংবাদিকদের জানান, তাদের হাসপাতালে ১০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে একটি শিশু মারা গেছে। আহতদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রীনলাইন ভলবো সার্ভিসের কক্সবাজার শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুলতান আহমদ জানান, বাসের কেউ আহত হয়নি। যাত্রীদের বিকল্প বাহনে চট্টগ্রাম পৌঁছানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/জেকে/২৩৫৮ ঘ.