২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন সীমানা পুনর্নির্ধারণ: কুমিল্লায় আপত্তি আবেদনের শুনানি

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের ১৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি আবেদনের শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

কুমিল্লা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের ১৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি আবেদনের শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। রোববার সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বচন কমিশনার এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইনের উপস্থিতিতে কমিশন এসব শুনানি গ্রহণ করে। এ সময় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবিরসহ স্থানীয় নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে ব্রাহ্মণবাড়ীয়া জেলার পাঁচটি এবং পরে কুমিল্লার পাঁচটি আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি হয়। দুপুরের পর চাদঁপুর জেলার চারটি আসনের আপত্তির শুনানি গ্রহণ করে কমিশন। তবে বিকালে নির্বাচন কমিশনারদের সংবাদ ব্রিফিংয়ের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। নির্বাচন কমিশন সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের পর চট্টগ্রাম বিভাগের ২২টি আসনে আপত্তি জমা পড়ে। এদিকে আমাদের চট্টগ্রাম অফিস জানায়, জাতীয় সংসদের চট্টগ্রাম বিভাগের পুনর্বিন্যাসকৃত বাকি আটটি আসনের আপত্তি নিষ্পত্তির শুনানি সোমবার নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগের উপ-নির্বাচন কমিশনার এস এম এজাহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্কিট হাউজে সকাল ১০টা থেকে সীমানা পুনর্নির্ধারণের আপত্তির বিষয়ে শুনানি শুরু হবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩, ফেনি-৩, নোয়াখালী-১ ও নোয়াখালী-২ আসনের আপত্তির বিষয়ে শুনানি হবে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা শুনানির সময় উপস্থিত থাকবেন। এজাহারুল হক জানান, এসব পুনর্নির্ধারিত আসনের সীমানার বিষয়ে আপত্তিকারী ও তাদের কৌসুলিরা শুনানিতে অংশ নিতে পারবেন। তবে কতজন আপত্তি দাখিল করেছেন তা তিনি জানাতে পারেননি। এর আগে ১৯ জুন সিলেটে সীমানা নির্ধারণী আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ আপত্তি নিয়ে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ জুন, খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৭ জুন এবং রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ জুন শুনানির দিন ধার্য রয়েছে। আপত্তি আবেদন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে ৬টি বিভাগের ৯৫টি আসন থেকে প্রায় তিন হাজার আবেদন জমা পড়ে। এরমধ্যে ঢাকা বিভাগে ৩৮টি, চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ১৩টি, বরিশালে ৯টি, সিলেটে ৭টি ও খুলনার ৬টি আসন থেকে আপত্তি আবেদন জমা পড়েছে। গত ২৯ এপ্রিল নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/টিএইচ/এমএসবি/২২১৩ ঘ.