ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নতুন করে দুর্নীতিবিরোধী ব্যাপকভিত্তিক কোনও অভিযান চালাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) চেয়ারম্যান এম এ মতিন।
তিনি বলেছেন, সরকার নতুন করে বড় ধরনের দুর্নীতিবিরোধী অভিযান চালাবে না। তবে দুর্নীতিবাজদের যে তালিকা রয়েছে, সেগুলোর মধ্যে থেকে প্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে।
রোববার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনীর বিভাগের সম্মেলন কে এনসিসি'র সভা থেকে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এম এ মতিন বলেন, "এনসিসি'র সর্বশেষ সভায় ২২২ জন ব্যক্তির বিরুদ্ধে ২২২টি অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। এসব অভিযোগের ৭৬ শতাংশই আপাতত বিবেচনায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাধিকারের ভিত্তিতে তা বিবেচনা করা হবে।"
নতুন করে বড় ধরনের দুর্নীতিবিরোধী অভিযান শুরু হবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে এনসিসি চেয়ারম্যান বলেন, "সরকার বর্তমানে প্রাপ্ত অভিযোগগুলো বিবেচনা করছে। আর কোনও বড় ধরনের অভিযানে যাচ্ছে না সরকার।"
দুর্নীতিবিরোধী অভিযোগ তদন্ত এবং মামলা পরিচালনায় সমন্বয়ে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে এম এ মতিন বলেন, এনসিসি'র সভায় এনসিসি, দুর্নীতি দমন কমিশন, আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০৩ ঘ.
bdnews24