ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- খালেদা জিয়ার দুই ছেলে কারাবন্দি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে বিষয়টি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
রোববার সংসদ ভবন এলাকায় বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
৪৮ ঘণ্টার মধ্যে এ দাবি মানা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে মুক্তিযোদ্ধা দল। খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য তারেক ও কোকোকে বিদেশ পাঠানোর দাবিও জানিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্য সোহরাব উদ্দিন বলেন, "জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের নীল-নকশার অংশ হিসেবে খালেদা জিয়া ও তার দুই ছেলেকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।"
কারাবন্দি তারেক ও কোকোর ওপর নির্যাতনের অভিযোগ করে তিনি বলেন, "তারেক রহমানকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করে জেলে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন চালিয়ে তার মেরুদণ্ডের দুটো হাড় ভেঙে দেওয়া হয়েছে। একইভাবে কোকোর ওপরও নির্যাতন চলেছে।"
অধ্য সোহরাব উদ্দিন বলেন, "স্বাধীনতার ঘোষকের পরিবারকে একটি কুচক্রী মহল ধ্বংস করে ফেলবে; আর দেশের জনগণ ও মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে তাকিয়ে তাকিয়ে দেখবে, তা হতে পারে না। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে নির্যাতনকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে তা মানা না হলে আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।"
মুক্তিযোদ্ধা দল জরুরি অবস্থা প্রত্যাহার করে ৩০ অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানিয়েছে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনেরও বিরোধিতা করেছে তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, সহ সভাপতি আবদুস সালাম, সৈয়দ হারুন, মতিউর রহমান, অলি উলাহ বাবলু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৩১৮ ঘ.
bdnews24