চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্ক বিভাগে গত এক বছরে চালু হওয়া বিভিন্ন পদ্ধতি, সংস্কার ও যৌথবাহিনীর নজরদারির ফলে প্রকাশ্যে ঘুষ লেনদেন বন্ধ হয়েছে। তবে বন্দর ও শুল্ক ভবন বা এর চত্ত্বরের বাইরে বিভিন্ন স্থানে প্রতিনিধির মাধ্যমে ঘুষ লেনদেন এখনও চলছে।
প্রকাশ্যে ঘূষ লেনদেন বন্ধ এবং অন্যান্য অগ্রগতির ফলে চলতি অর্থবছর (২০০৭-০৮) চট্টগ্রাম শুল্ক বিভাগে সাড়ে ১৪শ' কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০০৬-০৭ অর্থ বছরে রাজস্ব আদায় হয় ১০ হাজার ৬৮৭ কোটি টাকা। এ বছর হয়েছে ১৩ হাজার ৩৩৯ কোটি টাকা।
শনিবার প্রকাশিত ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর 'চট্টগ্রাম কাস্টম হাউস : সমস্যা ও উত্তরণের উপায়' শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে (খসড়া) এসব তথ্য উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে চট্টগ্রাম শুল্ক বিভাগে ঘুষ গ্রহণের ১০টি খাত এবং ৩০ স্থান চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, নোটিং সেকশনে আইজিএম যাচাই করাতে কেরানী পিয়নসহ কয়েকজন ঘুষ দিতে হয়। এছাড়া বিল অফ এন্ট্রির জন্য তিনটি স্থানে, লজম্যান সেকশনে ৮/১০টি স্থানে, আউট পাস, ফোল্ডার এক্সিট, ডিউটি, রিলিজ অর্ডার প্রভৃতি ক্ষেত্রে ঘুষ দিতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থার সামগ্রিক পরিবর্তনে ১৯ দফা সুপারিশও করা হয়েছে।
তবে চট্টগ্রাম শুল্ক বিভাগের কমিশনার (আমদানি) নাসির উদ্দিন সাংবাদিকদের কাছে প্রতিবেদনে উল্লেখিত ঘুষ ও দুর্নীতির বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, "বর্তমানে কাজের স্বচ্ছতা বেড়েছে। সুবিধাভোগীদের সঙ্গেও ইতিবাচক যোগাযোগ বেড়েছে। তবে শুল্ক বিভাগে আরও প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার।"
এছাড়া কাজের স্বচ্ছতা বাড়াতে দ্রুত অটোমেশন প্রক্রিয়ায় যাওয়া এবং প্রাক জাহাজীকরণ তদারকি প্রক্রিয়া (পিএসআই) না রাখার পক্ষে মত দেন কমিশনার নাসির।
টিআইবির প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর চট্টগ্রাম শুল্ক বিভাগে পদ্ধতিগত কিছূ সংস্কার এবং যৌথবাহিনীর নজরদারির ফলে কাজে পরিবর্তন এসেছে। প্রকাশ্যে ঘুষ লেনদেন বন্ধ এবং অন্যান্য অগ্রগতির ফলে চলতি অর্থ বছর সাড়ে ১৪শ' কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০০৬-০৭ অর্থ বছর ১০ হাজার ৬৮৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়। গত এক বছরে সংস্কারের ফলে ২০০৭-০৮ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ১৩ হাজার ৩৩৯ কোটি টাকা।
পদ্ধতিগত সংস্কারের ফলে দৃশ্যত কিছু পরিবর্তন হলেও মৌলিক সংস্কারের পাশাপাশি যদি টেকসই পরিবর্তন আনা না যায় তাহলে যে কোন সময় আবার শুল্ক বিভাগ আগের অবস্থায় ফিরে যেতে পারে বলে এতে সতর্ক করে দেওয়া হয়।
টিআইবি বলছে, চট্টগ্রাম শুল্ক বিভাগের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানিতে অবৈধ লেনদেনের প্রকৃতি ও মাত্রা নিরূপণ, দুর্নীতির কারণ অনুসন্ধান এবং তা নিরসনের উপায় বের করার লক্ষ্যে গত বছর নভেম্বর থেকে ২০০৮ এর মে পর্যন্ত পরিচালিত গবেষণার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।
শুল্ক বিভাগে নিয়োগ সংক্রান্ত জটিলতা, দক্ষ জনশক্তির অভাব, পণ্য নিরূপণ প্রক্রিয়ার সমস্যা, শুল্ক বহির্ভূত বাধা (নন ট্যারিফ ব্যারিয়ার) সংক্রান্ত সনদ সংগ্রহে জটিলতা, বন্ডেড পণ্যের ক্ষেত্রে অনিয়ম, রিট মামলার আধিক্য ও অব্যবস্থাপনা, জালিয়াতির মাধ্যমে রাজস্ব ফাঁকি, পিএসআই কোম্পানির অনিয়মসহ বিভিন্ন সমস্যা এখনও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুল্ক বিভাগে দক্ষ জনবলের অভাবে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে ১৯৮২ সাল থেকে এখনও পর্যন্ত সরাসরি কোনো নিয়োগ হয়নি। একটি রিট মামলার কারণে গত ২৬ বছর ধরে শুল্ক বিভাগে দ্বিতীয় শ্রেণীর কর্মচারি নিয়োগ বন্ধ রয়েছে।
শুল্ক বিভাগ আমদানি ও রপ্তানি শাখায় বিভক্ত হওয়ার পর থেকে অনুমোদিত ৩০১টি পদের বিপরীতে কর্মরত আছেন ২৩৮ জন। শূন্যপদের হার রপ্তানি শাখায় ২২ শতাংশ এবং আমদানি শাখায় প্রায় ২২ শতাংশ।
দৈনন্দিন আইনি কার্যক্রমের বাইরে দশ হাজারের বেশি রিট মামলা পরিচালনার জন্য মাত্র ১৩ কর্মকর্তা-কর্মচারি রয়েছেন।
চারটি পিএসআই কোম্পানির ইস্যু করা সনদ (ক্লিন রিপোর্ট ফাইন্ডিং-সিআরএফ সার্টিফিকেট) পরীক্ষা করে ৫০৫টি অনিয়ম উদঘাটন করা হয়েছে। পিএসআই কোম্পানিগুলোর জন্য যে বিধান রয়েছে তা দুর্নীতিকে উৎসাহিত করছে।
চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে 'চট্টগ্রাম কাস্টমস : চাই টেকসই স্বচ্ছতা ও জবাবদিহিতা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে টিআইবি'র গবেষণা কমকর্তা তানভীর মাহমুদ প্রতিবেদন উপস্থাপন করেন।
টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এইচ মনজুর মান্নান প্রধান অতিথি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া চট্টগ্রাম শুল্ক কমিশনার (আমদানি) নাসির উদ্দিন, কমিশনার (রপ্তানি) মারগুব আহমেদ, চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন ইয়াহইয়া সাঈদ ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।
অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, "সারা দেশে গত এক বছরে যে সব খাতে দুর্নীতি কমেছে তার মধ্যে কর খাত অন্যতম।"
সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে এ খাতের দুর্নীতি আরও কমিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন।
অধ্যাপক মোজাফফর ব্যক্তিগতভাবে পিএসআই না রাখার পক্ষে মত দেন।
টিআইবি প্রধান বলেন, "একটি সরকারি নজরদারি সংস্থা তৈরি করতে পারলে চট্টগ্রাম শুল্ক বিভাগে যৌথবাহিনীর নজরদারির প্রয়োজন নেই।"
দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এইচ মনজুর মান্নান বলেন, "চট্টগ্রাম বন্দর ও শুল্ক বিভাগ দেশের গেটওয়ে। কোনভাবে এর মান নিচে নামতে দেওয়া যাবে না।"
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন বলেন, "সরকারি প্রতিষ্ঠানে দুষ্টের দমন শিষ্টের পালন যথাযথভাবে হয় না। বর্তমানে শুল্ক বিভাগে নজরদারি বাড়ানো হয়েছে। এ সাময়িক নজরদারি কখনও স্থায়ী সমাধান নয়। এ জন্য তিনি পদ্ধতিগত সংস্কার করতে হবে।"
ব্যবসায়ী নেতারা কাস্টমসে দুর্নীতি বন্ধ এবং টেকসই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ অটোমেশন পদ্ধতি চালু, পিএসআই পদ্ধতির সংস্কার এবং দক্ষ জনবল নিয়োগের দাবি জানান।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24