ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখনো হাসপাতালে ভর্তি হতে রাজি হননি বলে শনিবার জানিয়েছেন উপ মহা কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
তবে শিগগিরই তিনি এ ব্যাপারে সম্মত হবেন বলে আশা প্রকাশ করেছেন মেজর সিদ্দিকী।
উপ মহা কারাপরিদর্শক শনিবার সকালে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেজর সিদ্দিকী বলেন, "খালেদা জিয়া তার পুরনো আর্থরাইটিসের সমস্যায় ভুগছেন। এ কারণে তার হাত ও কব্জি ফুলে যাচ্ছে। চিকিৎসা চলছে, কিন্তু হাসপাতালে যেতে রাজি হচ্ছেন না তিনি।"
উপ মহা কারা পরিদর্শক জানান, হাসপাতালে ভর্তি না হতে চাইলে সকালে গিয়ে চিকিৎসকদের দেখিয়ে বিকেলে চলে আসার প্রস্তাবও দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। খালেদা জিয়া এ প্রস্তাবের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বলেননি জানিয়ে তিনি বলেন, "আমরা এখনো আশা করছি, শিগগিরই এ বিষয়ে তার সম্মতি পাব।"
প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে খালেদা জিয়া কোনও শর্ত দিয়েছেন কী না- এ প্রশ্নের জবাবে মেজর সিদ্দিকী বলেন, "না, আমাদের তিনি এরকম কিছু বলেননি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২১৩৬ঘ.
bdnews24