ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এ মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী শনিবার বাংলাদেশ নির্মাণ শিল্প সমিতি আয়োজিত 'নির্মাণ শিল্প প্রদর্শনী' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, "আমরা এ মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছি। বিশ্বব্যাপী পণ্য ও ধাতুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কপার, অ্যালুমিনিয়াম, লোহার দাম অনেক বেড়ে গেছে। নির্মাণ সামগ্রী তৈরির জ্বালানির দামও বেড়েছে। প্রায় ১৪০০ শতাংশ বেড়েছে জ্বালানির দাম। এর ধাক্কা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্যাপকভাবে আসবে এটাই স্বাভাবিক।"
ড. তামিম আরো বলেন, "আমি নিশ্চিত সরকার এ খাতের সমস্যা বিবেচনা করবে। সরকার এ বিষয়ে ইতিমধ্যে কিছু উদ্যোগও নিয়েছে। দেড় বছরে রডের দাম দেড়গুণ বেড়েছে। রডের দামের বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে। শুল্ক হ্রাস করেছে। আমদানি উন্মুক্ত করা হয়েছে। তবে দাম অবশ্যই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে হবে। যেহেতু এর কাঁচামাল বিদেশ থেকে আসে।"
ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভ করলে এ শিল্পের অপমৃত্যু ঘটবে মন্তব্য করে অধ্যাপক তামিম বলেন, "এ শিল্পকে বাঁচাতে হলে সবাইকে যার যার ভূমিকা পালন করতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্মাণ শিল্প সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম।
সমিতির সভাপতি বলেন, "নির্মাণশিল্প সঙ্কটের মধ্যে রয়েছে। সরকারকে নির্মাণ সামগ্রীসহ সব পণ্যের মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করতে হবে।"
প্রদর্শনীতে ৩৩টি সংস্থার ৫১টি স্টল রয়েছে। দেশের নির্মাণ শিল্প সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৩ জুন এ প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/১৫৩১ ঘ.
bdnews24