২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

নগরীর বাকলিয়া এলাকা থেকে অপহরণের ১৮ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার ভোরে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া এলাকা থেকে অপহরণের ১৮ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার ভোরে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নগরীর বন্দর থানার এলাকার কলসীর দীঘির পাড় এলাকা থেকে শাহরান সিরাজ তুহিন (৮) নামের এই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- অভিষেক দাশ (২৪), মো. জুয়েল (১৮), রিয়াজুল ইসলাম (২২) এবং জুয়েল (২০)। বাকলিয়া থানার দায়িত্বরত উপ-পরিদর্শক আশরাফ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল সাড়ে এগারটার দিকে বাকলিয়া থানা এলাকার ওসি রোডের স্কুল থেকে বাসায় ফেরার পথে তুহিনকে অপহরণ করা হয়। পরে অপরণকারীরা তার বাবা সিরাজুল ইসলামের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সিরাজুল ইসলাম বুধবার রাত সাড়ে এগারটার দিকে বাকলিয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ এবং অপহরণকারীদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কলসীর দীঘির পাড় এলাকার একটি বাসা থেকে তুহিনকে উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক আশরাফ জানান, গ্রেপ্তারকৃত চারজনই সংঘবদ্ধ অপহরণকারী দলের সদস্য। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমএসবি/১৯৫৭ ঘ.