ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত খানা জরিপ প্রতিবেদনকে 'গঠনমূলক' অভিহিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বলেছেন, ২০০৭ সালের ১১ জানুয়ারির পরবর্তী সময়ে দেশে দুর্নীতি কমেছে কি না- তা পর্যালোচনা করতে কমিশনও কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হানিফ ইকবাল বলেন, "কোন প্রতিষ্ঠানকে খাটো করার জন্য টিআইবি এ প্রতিবেদন দেয়নি। বরং তাদের প্রতিবেদন গঠনমূলক। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে দেশে দুর্নীতি কমেছে না কি বেড়েছে, তা পর্যালোচনা করতে কমিশনও কাজ শুরু করেছে।"
তবে কমিশন এ ক্ষেত্রে কী ধরনের কাজ করছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
মহাপরিচালক বলেন, "টিআইবির প্রতিবেদনে কমিশন বিচলিত নয়। আলাদিনের প্রদীপের কেরামতির মতো দেশ থেকে রাতারাতি দুর্নীতি কমে যাবে এমন কথা কমিশন কখনোই বিশ্বাস করে না। কোনো প্রতিষ্ঠানের একার পক্ষে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। এজন্য সম্মিলিত প্রয়াস প্রয়োজন।"
তিনি বলেন, "টিআইবি'র প্রতিবেদনের ভিত্তিতে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোতে কমিশন আরো মনোযোগ দেবে।"
১/১১ পরবর্তী সময়ে দেশে ছোটোখাটো দুর্নীতি বেড়েছে বলে টিআইবির প্রতিবেদনে যে মন্তব্য করা হয়েছে- সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হানিফ ইকবাল তার জবাব দেননি।
'কমিশন কেবল অতীত নিয়ে কাজ করে, তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই'- টিআইবি প্রধান মোজাফফর আহমেদের এ বক্তব্য প্রত্যাখ্যান করে কমিশন মহাপরিচালক বলেন, "ভবিষ্যতে যাতে দেশে আর দুর্নীতির বিস্তার না ঘটে সে বিষয়েও কমিশনের বেশি কিছু পরিকল্পনা রয়েছে।"
গত বুধবার প্রকশিত টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকার দুর্নীতি বিরোধী অভিযান চালালেও দেশে এখনো বিগত দুই সরকারের আমলের মতো দুর্নীতি অব্যাহত রয়েছে।
জরিপের মাধ্যমে ২০০৬ এর জুলাই থেকে ২০০৭ এর জুন পর্যন্ত সময়ের দুর্নীতির তথ্য সংগ্রহ করে টিআইবি বলেছে, এই সময়ে বিভিন্ন খাতে সেবা পেতে জনগণকে অন্তত ৫ হাজার ৪৪৩ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। দুর্নীতির ব্যাপকতা সবচে বেশি ছিল আইন প্রয়োগকারী সংস্থায়। তবে টাকার অঙ্কে সবচে বেশি দুর্নীতি হয়েছে ভূমি প্রশাসনে। এ খাতে ঘুষ গ্রহণের পরিমাণ ছিল এক হাজার ৬০৬ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯৪৯ ঘ.
bdnews24