মারুফ মল্লিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনার্জি করসপনডেন্ট
ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আপত্তি নিষ্পন্ন করার জন্য ভারত ও মিয়ানমারকে চিঠি দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া হবে। অন্যথায় বাংলাদেশ সাগরে অনুসন্ধান কাজ বন্ধ করবে না।
পেট্রোবাংলা বুধবার এ সংক্রান্ত একটি চিঠি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অধ্যাপক ম তামিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু ব্লকের সীমানা নিয়ে ভারত ও মিয়ানমার আপত্তি জানিয়েছে। ভারত যখন সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয় তখন আমরাও আপত্তি জানিয়েছিলাম। ভারত এ আপত্তির বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, "আলোচনার মাধ্যমে এর শেষ করতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত আমরা বিরোধপূর্ণ এলাকায় যাবো না। তারাও যাবে না। তবে এটিকে ঝুলিয়ে না রেখে সমাধান করতে হবে।"
জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত ও মিয়ানমারকে চিঠি দেওয়ার বিষয়টি সমর্থন করে বলেন, "পেট্রোবাংলার পাঠানো এ সংক্রান্ত চিঠি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।"
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গোপসাগরের সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। এক্ষেত্রে উভয় দেশই সাগরে অনুসন্ধান ও উত্তোলন কাজ বন্ধ রাখবে। আলোচনা শেষে সিদ্ধান্ত অনুসারে আবার কাজ শুরু হবে। তবে ভারত ও মিয়ানমার কাজ বন্ধ না করলে বাংলাদেশও অনুসন্ধান কাজ অব্যাহত রাখবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, "আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। জ্বালানি মন্ত্রণালয় চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।"
এ বছরের ১৫ ফেব্র"য়ারি বঙ্গোপসাগরের ২৮টি ব্লকের জন্য পেট্রোবাংলা দরপত্র আহ্বান করে। দরপত্র আহ্বানের পর ভারত ও মিয়ানমারের পক্ষ থেকে ১০/১২টি ব্লক নিয়ে আপত্তি জানানো হয়। দরপত্র প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলোকেও চিঠি দেয় প্রতিবেশি এ দু'টি দেশ।
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ৭ টি আন্তর্জাতিক তেল কোম্পানি ১৫টি ব্লকের জন্য ২২টি দরপত্র জমা দিয়েছে। ৭টি কোম্পানি প্রায় ১ হাজার ৬শ' ৯১ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। বর্তমানে পেট্রোবাংলা দরপত্র মূল্যায়নের কাজ করছে।
কনকো ফিলিপস (ইউএসএ), স্যান্টোস ইন্টারন্যাশনাল (অস্ট্রেলিয়া), লং উডস রিসোর্সেস লিমিটেড (ইউএসএ-চীন), কোরিয়ান ন্যাশনাল অয়েল করপোরেশন (কোরিয়া কনসোর্টিয়াম), কমট্রেক সার্ভিসেস লিমিটেড (ইউকে), টাল্লো বাংলাদেশ লিমিটেড (বাংলাদেশ) এবং সিনক (চীন) দরপত্র দিয়েছে।
১৯৯৩-৯৪ সালে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকার ২৩টি ব্ল
bdnews24