২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাবের গুলিতে চরমপন্থী নেতা দাদা তপনসহ ২ জন নিহত

কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি স্কুলপাড়া গ্রামে বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপনসহ (৪৫) দুইজন নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 06:31 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

কুষ্টিয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি স্কুলপাড়া গ্রামে বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপনসহ (৪৫) দুইজন নিহত হয়েছেন। (আরো তথ্যসহ) নিহত অপরজনের নাম রিক্তা ওরফে লাকি (৩৫)। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের ইনচার্জ মেজর আমজাদ হোসেনের দাবি, রিক্তা তপনের সহযোগী। তপন নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) শীর্ষ নেতা। মেজর আমজাদ বলেন, "র‌্যাব-১২, র‌্যাব-৬ ও র‌্যাবের একটি গোয়েন্দা দল বুধবার ভোর পাঁচটায় বাড়াদি স্কুলপাড়া গ্রামে অভিযান চালায়। দাদা তপন ও তার সঙ্গীরা তখন রিক্তার বাড়িতে অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তপন ও রিক্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।" নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনস্থাল থেকে একটি একে-৪৭ রাইফেল, এ রাইফেলের ১৭৬ রাউন্ড গুলি, একটি পিস্তল ও পিস্তলের ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সর্দার জানান, আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ দুই ডজন মামলা রয়েছে। এর আগে ২০০৩ সালে খুলনা জেল থেকে আদালতে নেয়ার সময় পুলিশের উপর বোমা ও গুলি চালিয়ে সহযোগীরা তপনকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর থেকেই সে আত্মগোপনে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/জেকে/০০২৪ ঘ.