২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ডুবে যাওয়া ট্রলারের আরও চার যাত্রীর লাশ উদ্ধার

রাজবাড়ি শহরের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও চার যাত্রীর লাশ বুধবার উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে প্রায় ১০০ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই ছিল শ্রমিক। পদ্মার চরমৌকুড়ি চরে বাদাম তুলে তারা লালগোলা গ্রামে যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

রাজবাড়ি, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ি শহরের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও চার যাত্রীর লাশ বুধবার উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে প্রায় ১০০ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই ছিল শ্রমিক। পদ্মার চরমৌকুড়ি চরে বাদাম তুলে তারা লালগোলা গ্রামে যাচ্ছিল। বুধবার পর্যন্ত ওই ট্রলারের ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটি এখনও পাওয়া যায়নি। বুধবার যে চারটি লাশ উদ্ধার করা হয়েছে, তাদের তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- দুলাল ফকির (২৫), আফরোজা বেগম (৩২) এবং মর্জিনা বেগম (৪০)। এদের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীকোল ও ভবদিয়া গ্রামে। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে চরকাঠুরিয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশগুলো পাওয়া যায়। রাজবাড়ির জেলা প্রশাসক মুহম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, প্রশাসনের পক্ষ থেকে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯২৯ ঘ.