২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বুধবার রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ৫৮ তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্স এবং ২৯ তম বিএমএ স্পেশাল কোর্সের জেন্টলম্যান ও জেন্টলউইমেন ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 10:04 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বুধবার রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ৫৮ তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্স এবং ২৯ তম বিএমএ স্পেশাল কোর্সের জেন্টলম্যান ও জেন্টলউইমেন ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি ক্যাডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। পরে ক্যাডেটদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন তিনি। এর আগে সকালে সেনাপ্রধান বিএমএ- তে এসে পৌঁছলে সেনাবাহিনীর স্থানীয় এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী এবং বিএমএ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মঈন তাকে স্বাগত জানান। ৫৮ তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের সেরা চৌকষ নির্বাচিত হন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার এস এম আহসান উল্লাহ। তাকে 'সোর্ড অব অনার' সম্মানে ভূষিত করা হয়। এ ছাড়া সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য সেনা প্রধানের স্বর্ণপদক লাভ করেন জেন্টলম্যান ক্যাডেট মো. মাহমুদুল হাসান। বুধবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে মোট ১০০ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করে। এরমধ্যে ৫৮ তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সে ৭৯ জন পুরুষ ও পাঁচ জন নারী এবং ২৯ তম বিএমএ স্পেশাল কোর্সে ১৪ জন পুরুষ ও দুই জন নারী ক্যাডেট রয়েছেন। উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বৈদেশিক মিশনের কুটনীতিক এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১৫৫৫ ঘ.