২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবাজারের দোকান কর্মচারী রানার লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন

দোকান মালিকের নির্যাতনে মারা গেছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বঙ্গবাজারের কর্মচারী আমিনুর রহমান রানার (৩৭) লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার কবর থেকে তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোকান মালিকের নির্যাতনে মারা গেছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বঙ্গবাজারের কর্মচারী আমিনুর রহমান রানার (৩৭) লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার কবর থেকে তোলা হয়েছে। রানার বড় ভাই আফসার আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে আজিমপুর কবরস্থান থেকে রানার লাশ তুলেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে রানাকে আবার আজিমপুর কবরস্থানেই দাফন করা হবে। এর আগে গত সোমবার রানার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবাজার হকার্স মার্কেট এলাকায় বিক্ষোভ করে কর্মচারীরা। এস কে ট্রেডার্সের মালিক কালামের নির্যাতনে রানা মারা গেছেন- অভিযোগে বঙ্গবাজারের দোকান কর্মচারীরা বেলা ১১টার দিকে দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে পড়ে। তারা কালামের গ্রেপ্তার ও বিচার দাবি করে। সোমবার সন্ধ্যা পর্যন্ত বঙ্গবাজারসহ ওই এলাকার কোনো মার্কেট খোলেনি। আফসার আলী সরকার জানান, রোববার রাত ১১টার দিকে ছোট ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি লালবাগের বাসায় ছুটে যান। সেখানে পৌঁছে দেখেন রানা মারা গেছে। আফসার জানান, রানার স্ত্রী তাকে বলেছে- রাত সাড় ৮টার দিকে বাসায় ফিরে রানা অসুস্থবোধ করে এবং বমি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানান। সোমবার সকালে রানার মৃত্যুর খবর দোকান মালিককে দিতে এসে তিনি দোকান বন্ধ দেখতে পান। আশপাশের দোকান কর্মচারীদের কাছে খোঁজ নিলে জানতে পারেন আগের রাতে তার ভাইকে নির্যাতন করা হয়েছে। প্রায় সাত দিন ছুটি কাটিয়ে রানা রোববার কাজে যোগ দিয়েছিলেন। কেন তাকে নির্যাতন করা হয় সেটি এখনো পরিষ্কার নয়। তবে আফসার জানান, রানার স্ত্রী তাকে বলেছে, কিছুদিন আগে মালিকের কাছে থেকে বেতনের টাকা অগ্রিম নিয়েছিল রানা। এরপর মালিক কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে টাকা ফেরত চায়। এরপর রানার স্ত্রী দোকান মালিকের কাছে ফোন করে টাকা ফেরত দেয়ার জন্য স্বামীকে কিছুদিন কাজে রাখার অনুরোধ করে। বঙ্গবাজার হকার্স মার্কেটের 'রুমি শাড়ি' দোকানের কর্মচারী আবুল কালাম বলেন, রানা খুবই ভালো ছেলে ছিল। তাকে কেন মারা হয়েছিল আমরা নিশ্চিত নই। গতরাতে খোঁজ নিয়ে জানতে পারি তাকে মারধর করা হয়েছে। রাতে রানার বাসায় গিয়েও ওর শরীরে মারধরের চিহ্ন দেখতে পাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএনডি/১৮১০ ঘ.