ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-- জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ মঙ্গলবার ভোরে প্রায় কোটি টাকার মোবাইল সেট, আইপড, মেমোরিকার্ড ও ব্যাটারিসহ মোবাইলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা যায়নি।
বিমানবন্দর কাস্টমসের সহকারি কমিশনার নেয়ামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া ৫টার দিকে হংকং থেকে আসা বাংলাদেশ বিমানের কয়েকজন যাত্রীর ফেলে যাওয়া ৪টি ব্যাগ থেকে এইসব মালামাল উদ্ধার করা হয়। মালামালের মধ্যে প্রায় ১ হাজার মোবাইল ফোনসেট, ১ হাজার ১৭৭টি আইপড, ১৯৭টি মোবাইল ব্যাটারি ও ৮হাজার ১৪০টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
তিনি জানান, কাস্টমসের সহকারি কমিশনার আবু নূর রাশেদ গোপন খবর পেয়ে বিমান বন্দরের তিন তলায় বলাকা রেস্টুরেন্টে যান। সেখানে বসে থাকা কয়েকজন যাত্রীকে দেখে সন্দেহ হয়। পরে এদের একজনকে চ্যালেঞ্জ করলে ওই যাত্রীসহ ১০/১২জন একটি ব্যাগ ফেলে রেখে দৌড় দেয়। কাস্টমসের কয়েকজন তাদের ধাওয়া করলে তারা দৌড়ে একটি দরজার তালা খুলে নির্মাণাধীন বর্ধিত ভবনে ঢুকে ভেতর থেকে তালা লাগিয়ে দেয়।
নেয়ামুল ইসলাম জানান, পরে সিভিল এভিয়েশনের লোকজনকে খবর দেওয়ার প্রায় ২ ঘন্টা পর আসল চাবি এনে দরজা খোলা হয়। কিন্তু ভেতরে ঢুকে কাউকে পাওয়া যায়নি। এরপরেই তৃতীয় তলার বাথরুম থেকে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় কোটি টাকা। আর ব্যাগগুলোতে কোনো ট্যাগ না থাকায় যাত্রীদের নাম ঠিকানা জানা যায়নি।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/এমএ/১৫০২ ঘ.
bdnews24