ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি মঙ্গলবার ভোরে খুলনার কাছ দিয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী নিম্নচাপটি বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে ঝড়োহাওয়া বইছে। সাগর মাঝারি ধরনের উত্তাল থাকবে বলে আবহাওয়া বার্তায় জানানো হয়।
আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।
এছাড়া উত্তর বঙ্গোসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জিএনএ/১১০০ ঘ.
bdnews24