২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের গুলিতে ৩ জন নিহত

রাজধানীর বনশ্রী এলাকায় রোববার গভীর রাতে র‌্যাবের 'এনকাউন্টারে' তিন যুবক নিহত হয়েছে। এরা হলেন- মো. সোহেল হোসেন ওরফে ভোম্বল (৩২), মনির হোসেন বাবু (২২) ও শুকুর আলী (২২)। তবে এদের একজনের বাবা দাবি করেছেন, র‌্যাব শনিবার তার ছেলেকে ধরে নিয়ে যায়। অন্য দুজনও শনিবার নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বনশ্রী এলাকায় রোববার গভীর রাতে র‌্যাবের 'এনকাউন্টারে' তিন যুবক নিহত হয়েছে। এরা হলেন- মো. সোহেল হোসেন ওরফে ভোম্বল (৩২), মনির হোসেন বাবু (২২) ও শুকুর আলী (২২)। তবে এদের একজনের বাবা দাবি করেছেন, র‌্যাব শনিবার তার ছেলেকে ধরে নিয়ে যায়। অন্য দুজনও শনিবার নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. সিরাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে রামপুরা টিভি ভবনের সামনে র‌্যাবের একটি চেক পোস্ট বসানো হয়েছিল। রাত আড়াইটার দিকে একটি দ্রুত গতির প্রাইভেট কারকে চেকপোস্টে থামার জন্য সংকেত দেওয়া হয়। গাড়িটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে। বনশ্রীর কাছাকাছি পৌঁছানোর পর গাড়ির আরোহীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। সিরাজ উদ্দিন জানান, প্রায় ১৫ মিনিট গুলি চলার পর বিপরীত দিক থেকে গুলি বন্ধ হয়ে গেলে র‌্যাব সদস্যরা এগিয়ে যায়। প্রাইভেট কারের পাশে তিন জনের লাশ দেখতে পায় তারা। স্থানীয় লোকজন ভোম্বল ও মনির হোসেনের লাশ সনাক্ত করে। পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা শুকুর আলীকে সনাক্ত করে। র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি, ১০টি ককটেল, ৫ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ ও ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ভোম্বল এবং মনিরের বিরুদ্ধে খিলগাঁও থানায় প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি। মনিরের বাবা মোখলেছুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ছেলে রিক্সার মিস্ত্রী। গত শনিবার র‌্যাব মনিরকে ধরে নিয়ে যায়। সোমবার ভোরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মনিরের লাশ দেখতে পান। শুকুর আলীর বাবা সিরাজ মাতব্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ছেলে প্রাইভেট কার চালক। তাদের বাসা উত্তর গোড়ানে। শনিবার সকালে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর রাতে মোবাইল ফোনে সে জানায় তার ফিরতে দেরি হবে। এরপর সোমবার ভোরে এলাকার লোকজনের কাছে ছেলের মৃত্যুর খবর পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সোহেল হোসেন ভোম্বলের মামা মো. আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, "পরিবারের সঙ্গে সোহেলের দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই। সে কি করতো আমরা জানি না। গত শনিবার র‌্যাব সদস্যরা সোহেলকে ধরে নিয়ে গেছে এমন খবর এলাকার লোকজনের কাছে শুনেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/এমএইচবি/২০০০ ঘ.