২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। পাশাপাশি তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনাসহ বিভিন্ন দাবি পেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। পাশাপাশি তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনাসহ বিভিন্ন দাবি পেশ করেছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের সঙ্গে সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধিরা এসব দাবি জানান। সংলাপ শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টাদের পক্ষে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন পরিষদ ঐক্য জোটের কো- চেয়ারম্যান মো. আবুল হোসেন খান, বাংলাদেশ সিটি করপোরেশন কমিশন অ্যাসোসিয়েশনের সদস্য মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব শামীম আল রাজি বক্তব্য রাখেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি প্রসঙ্গে হোসেন জিল্লুর রহমান বলেছেন, বিষয়টি বিবেচনাধীন। সরকারের সঙ্গে এ সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধিরা ৯০ দিনের পরিবর্তে ৩০ দিন সংসদে অনুপস্থিত থাকলেই সংসদ সদস্য পদ বাতিলের বিধান করার প্রস্তাব করেছেন। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিনিধিদের সংসদ সদস্য ও আমলাদের প্রভাবমুক্ত করতে আইন প্রণয়ন, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার ঘোষণা নিশ্চিত করাসহ কালো টাকা ও পেশী শক্তির অধিকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানানো হয়। স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠানের দাবি জানিয়ে তারা বলেন, এতে তৃণমূল পর্যায়ের জনগণের চিন্তাভাবনার প্রতিফলন ঘটবে। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সরকারকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে স্থানীয় সরকার কমিশন দ্রুত গঠনের দাবিও জানান তারা। সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধিদের বিভিন্ন দাবি ও প্রস্তাবের বিষয়ে কথা বলেন। সাংসদ সদস্য পদ বাতিলের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি বিবেচনার দাবি রাখে। বাণিজ্য উপদেষ্টা জানান, স্থানীয় পর্যায়ে তিন শতাধিক প্রতিনিধি আজকের সংলাপে অংশ নিয়েছেন। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। হোসেন জিল্লুর আরো জানান, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সংসদ সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদের ক্ষমতার বিভাজন কি হবে স্থানীয় সরকার প্রতিনিধিরা তার সুস্পষ্ট সমাধান চেয়েছেন। এ ছাড়া সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার মধ্যে দুই মাস পর পর যেন একটি বৈঠক হয়ে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব করেছেন তারা। এ ছাড়া নির্বাচনী প্রচারণার জন্য ১৫দিন নির্ধারণের প্রস্তাব পাওয়া গেছে বলে জানান তিনি। জিল্লুর রহমান বলেন, "সবাইকে সঙ্গে নিয়ে আস্থায় রেখে অর্থবহ নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল গুণগত উত্তরণের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।" খালেদা জিয়া আবেদন না করলে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিনা- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "কিভাবে আস্থার পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু সমাধানের পথে এগুনো যায় সেদিকেই লক্ষ্য রাখা হচ্ছে।" সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমএ/১৯২২ ঘ.