ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক রোগীকে লাইন থেকে সরিয়ে দেওয়ার জের ধরে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আনসার ক্যাম্পে হামলা ও ভাংচুর হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ রোগীকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সুলতান আলী নামে একজন আনসার সদস্য। এ সময় লাইনে থাকা আরেক রোগীর আত্মীয় জসিম ওই আনসার সদস্যকে চড় মারে।
এ ঘটনায় ক্ষুব্ধ সুলতান আলী আনসার ক্যাম্পে জসিমকে ধরে নিয়ে যায়। পরে চিকিৎসা নিতে আসা অন্য রোগীরা ক্যাম্পে হামলা ও ভাংচুর করে। পুলিশ এসে এরপর পরিস্থিতি সামাল দেয়।
জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনসার সদস্য বৃদ্ধ রোগীটিকে ধাক্কা দিলে তিনি আমার স্ত্রীর ওপর এসে পড়েন। ঘটনার প্রতিবাদ করলে আমাকে আনসার ক্যাম্পে ধরে নিয়ে মারধর করা হয়।"
ক্যাম্পের দায়িত্বে থাকা আনসার কর্মকর্তা তৈয়ব আলী বলেন, "তুচ্ছ বিষয় কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য অভিযোগ করেন, ক্যাম্পে হামলার ঘটনায় হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বেশ কিছু কর্মচারী ও বিভিন্ন ওষুধ কোম্পানি কয়েকজন প্রতিনিধির সংশ্লিষ্টতা ছিল। অনিয়মে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে তারা আনসার সদস্যদের ওপর ক্ষুব্ধ ছিল। তারা হাসপাতাল থেকে আনসার সদস্যদের তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
ঘটনার তদন্তে অধ্যাপক আলি কাওসারকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। এর অন্য সদস্যরা হলেন, ডেপুটি রেজিস্টার হাফিজুর রহমান, সহকারী সুপার ডা. মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা আতিকুজ্জামান।
হাসপাতালের ডপুটি সুপার ডা. জামাল উদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসএনডি/১৯১৮ ঘ.
bdnews24