ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমস্যাগুলো চিহ্নিত ও এর সমাধানের প্রক্রিয়া খুঁজে বের করতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেও সংলাপ করবে সরকার।
এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, এ প্রক্রিয়া বাস্তবায়নে ভিডিও কনফারেন্সিংয়ে অভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে দায়িত্বও দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ কথা বলেন।
তবে ভিডিও কনফারেন্সিংয়ের পরিবর্তে সরাসরি সংলাপে যোগ দেয়ার আগ্রহের কথা জানিয়ে প্রতিনিধি দলের সদস্য যুক্তরাজ্য প্রবাসী মাহবুব রহমান বলেছেন, সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলে তারা সরাসরি সংলাপেই যোগ দেবেন।
উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "দেশের প্রয়োজনে প্রবাসী বাংলাদেশীরা সরকারের সঙ্গে জাতীয় সংলাপে অংশ নিতে চান। এতে সুপরামর্শ দিয়ে তারা সম্ভাব্য জাতীয় সনদ অথবা এ ধরনের কোনও কিছু প্রণয়নে তারা সহায়তা করতে চেয়েছেন।"
তিনি জানান, প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্তির জন্য নির্বাচন কমিশন, সেনাবাহিনী প্রধান, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উপদেষ্টা বলেন, "ভোটার করা হলে সে ক্ষেত্রে প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এ বিষয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।"
প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন তথা উপজেলা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে বলে আনোয়ারুল ইকবাল জানান।
তিনি বলেন, "তারা (প্রবাসীরা) মনে করেন, জাতীয় নির্বাচনের আগেই উপজেলা পরিষদ নির্বাচন করা উচিৎ। বিদেশের অভিজ্ঞতা থেকে তারা বলছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোই গণতন্ত্রের মূল শক্তি।"
প্রবাসীরা সরকারের দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবিও জানিয়েছে বলে উপদেষ্টা জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির পর খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার কী ভাবছে- সাংবাদিকরা প্রশ্ন করলে আনোয়ারুল ইকবাল বলেন, "এ বিষয়ে এখনই সুস্পষ্ট করে কিছু বলা যাবে না। সময় হলেই জানতে পারবেন।"
প্রবাসীদের পক্ষে মাহবুব রহমান জানান, প্রবাসীদের দাবির কারণে নির্বাচন কমিশন বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীদের ভোটার করার প্রক্রিয়া শুরু করছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে যুক্তরাজ্য থেকে শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, "এছাড়াও সরকারের সঙ্গে আলোচনায় প্রবাসীদের জন্য বিভিন্ন বেসরকারিকরণ প্রক্রিয়ায় কোটা বৃদ্ধি, বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং প্রবাসীদের বাংলাদেশে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।"
প্রবাসীরা জরুরি অবস্থার মধ্যে নির্বাচন চায় কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে মাহবুব রহমান বলেন, "আমরা ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেটা জরুরি অবস্থার মধ্যে হবে কিনা, তার সরকার নির্ধারণ করবে। তবে বর্তমানে দেশে একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।"
যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে প্রবাসীদের প্রতিনিধি দলে ছিলেন লন্ডনের দি রেড ফোর্টের প্রতিষ্ঠাতা আমিন আলী, যুক্তরাজ্য প্রবাসী ঢাকা রিজেন্সি হোটেলের পরিচালক এনামুল হক চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশ কারি ক্লাবের প্রতিষ্ঠাতা খালেদ চৌধুরী ও কানাডার সাপ্তাহিক দেশ-বিদেশ পত্রিকার প্রধান সম্পাদক নজরুল ইসলাম মিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৫৬ ঘ.
bdnews24