২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের গুজব ছড়াতে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশেনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন- এমন গুজব ছড়াতে গণমাধ্যামকে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশেনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন- এমন গুজব ছড়াতে গণমাধ্যামকে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। রোববার বিকেলে অফিস শেষে বাসায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ব্যক্তিগত কারণে প্রায় এক মাস বিদেশ সফরের পর এদিনই প্রথম অফিস করেন তিনি। হাসান মশহুদ বলেন, "আমার পদত্যাগের গুজব ছড়াতে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। এ গুজব কারা ছড়িয়েছে, কী স্বার্থে ছড়িয়েছে তা আপনারাই বলতে পারবেন।" সাংবাদিকদের তিনি বলেন, "যাই করি না কেন, আপনারা সব সময়ই তা জানবেন। সামনে অনেক কাজ রয়েছে। আশা করি কেউ তা বাধাগ্রস্ত করতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। সম্মিলিতভাবে আমরা এ কাজ শেষ করব।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির ক্ষেত্রে আইন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না জানতে চাইলে কমিশন চেয়ারম্যান বলেন, "আমি যতদূর জানি, আইনি প্রক্রিয়াতেই এটা করা হয়েছে। আব্দুল জলিলকেও একই প্রক্রিয়ায় মুক্তি দেওয়া হয়েছিল।" গত ১৯ মে হাসান মশহুদ এক মাসের ব্যক্তিগত সফরে বিদেশে যান। এ সময়ের মধ্যে তিনি অষ্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন। তিনি বিদেশে যাওয়ার পর দু'একটি পত্রিকায় তার পদত্যাগের খবর ছাপা হয়। পরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওই খবর ভিত্তিহীন। কমিশন চেয়ারম্যান গত ১০ জুন রাতে দেশে ফেরেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০২৫ ঘ.