২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের আধুনিকায়নে প্রণীত হলো 'কৌশলপত্র'

বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়নে প্রথমবারের মতো তিনবছর মেয়াদি একটি 'কৌশলপত্র' প্রণয়ন করা হয়েছে। এর আওতায় ২০১০ সালের মধ্যে পুলিশ বাহিনীতে বেশ কিছু সংস্কারের পাশাপাশি অপরাধ দমনে পুলিশের দক্ষতা বৃদ্ধি ও তাদেরকে জনবান্ধব করে তোলার লক্ষ্য নির্ধারণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়নে প্রথমবারের মতো তিনবছর মেয়াদি একটি 'কৌশলপত্র' প্রণয়ন করা হয়েছে। এর আওতায় ২০১০ সালের মধ্যে পুলিশ বাহিনীতে বেশ কিছু সংস্কারের পাশাপাশি অপরাধ দমনে পুলিশের দক্ষতা বৃদ্ধি ও তাদেরকে জনবান্ধব করে তোলার লক্ষ্য নির্ধারণ হয়েছে। বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ডিএফআইডির আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপির) তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই কৌশলপত্র। রাজধানীর একটি হোটেলে রোববার সকালে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করেন। ২১ পৃষ্ঠার কৌশলপত্রের পাঁচটি মূল লক্ষ্য হলো- পুলিশের প্রাতিষ্ঠানিক সংস্কার, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো ও পাঠ্যসূচি হালনাগাদ করা, পুলিশ বাহিনীতে নারী সদস্য বাড়ানো এবং কম্পিউটারের মাধ্যমে কার্যক্রমে গতিশীলতা আনা। চলতি বছর থেকে ২০১০ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে কয়েকটি ধাপে এই কৌশলপত্র বাস্তবায়ন করা হবে। এই পাঁচটি মূল লক্ষ্য সামনে রেখে মোট ১৯টি বিষয়ে কার্যক্রম চালানো হবে বলে উল্লেখ রয়েছে কৌশলপত্রে। এর মধ্যে আছে সাংগঠনিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, নিয়োগ পদ্ধতি, কমিউনিটি পুলিশিং, সমসাময়িক পাঠ্যসূচি প্রণয়ণ, যুগপোযোগী প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ অবকাঠামো, প্রণোদনা ও পর্যবেক্ষণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, জেন্ডার পলিসি, নারী সদস্য নিয়োগ, নারী পুলিশ নেটওয়ার্ক, দীর্ঘমেয়াদি-কার্যকর তথ্য ও গোয়েন্দা ব্যবস্থাপনা, তথ্য ও গোয়েন্দা নজরদারির কার্যকর ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং তথ্যপযুক্তির তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে জনজীবনকে নিরাপদ করে গড়ে তোলা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, "সুনির্দিষ্ট কৌশলপত্র ছাড়া কোনো সংগঠন চলতে পারে না। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একটি কৌশলপত্র উন্মোচন করতে যাচ্ছি। এটি আমাদের লক্ষ্য, পরিকল্পনা, মূল্যবোধ ও অগ্রাধিকারকে তুলে ধরবে এবং ভবিষ্যতে পথ চলতে নির্দেশনা দেবে।" তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে এমন একটি বাহিনী হিসেবে গড়ে তোলা যা রাষ্ট্রের একটি ভীতিকর সংস্থা না থেকে জনগণের বিশ্বস্ত বন্ধু হয়ে উঠবে।" পুলিশ বাহিনীকে আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কৌশলপত্র প্রণয়ন প্রথম ধাপ উল্লেখ করে মহাপরিদর্শক আরো বলেন, "দেশের সমসাময়িক চাহিদা ও সীমিত সম্পদের বিষয়টি মাথায় রেখে এটি তৈরি হয়েছে। এরপর কীভাবে আমরা কৌশলপত্র বাস্তবায়ন করব তার ওপরই আমাদের গ্রহণযোগ্যতা নির্ভর করবে।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিআরপির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) শাহ জামাল রাজ, পুলিশ স্টাফ কলেজের রেক্টর এ কে এম মাহফুজুল হক, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক বাহারুল আলম এবং ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুস সালাম বক্তব্য দেন। এছাড়া, সাবেক মহাপরিদর্শক এ এস এম শাহজাহান, মোদাব্বির হোসেন চৌধুরী, হাদিসউদ্দিন আহম্মেদ ও আব্দুস সালামসহ পুলিশের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, "বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে কৌশলপত্রের সুপারিশগুলো বেরিয়ে এসেছে। এগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।" র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার বলেন, "আমরা আমাদের অবস্থান জানি, কী করতে হবে তাও জানি, কিন্তু কীভাবে করতে হবে এতদিন তার কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছিলো না। এবার এই কর্মকৌশল আমাদের লক্ষ্য ও অর্জনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।" ২০০৫ সালে বাংলাদেশ সরকার, ইউএনডিপি এবং ডিএফআইডি যৌথভাবে পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) প্রথম পর্বের কাজ শুরু করে। তদন্তকাজ, পুলিশি অভিযান, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ব্যবস্থা এবং কৌশলগত সক্ষমতার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরো কার্যকর ও দক্ষ হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ইউরোপীয় কমিশনও এ কর্মসূচিতে সহায়তা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/১৯১৯ ঘ.