ঝিনাইদহ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার মির্জাপুর গ্রামে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ফজলুর রহমান ওরফে ফজলু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী বলে পুলিশ জানায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ফজলুর রহমান রাত সাড়ে ১০টার দিকে গ্রামের একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি চালিয়ে হত্যা করে।
নিহত ফজলু কিছুদিন আগে এলাকার এক সন্ত্রাসীকে গ্রেপ্তারে আইন প্রয়োগকারী সংস্থাকে সাহায্য করেছিল। পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, ওই কারণেই সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
ওসি ওয়াজেদ আলী জানান, ঘটনার তদন্ত চলছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩৯ ঘ.
bdnews24