কক্সবাজার, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডুলাহাজারা সাফারি পার্কে আরেকটি জেব্রা শনিবার মারা গেছে। কয়েক মাসের ব্যবধানে দুটো জেব্রাই মারা গেল। এর আগে একটি জেব্রা মারা গেলেও কর্তৃপক্ষ স্বীকার করেনি।
কর্তৃপক্ষের ভাষ্য মতে, বার্ধক্যজনিত কারণে জেব্রাটির মৃত্যু হয়েছে। মারা যাওয়ার সময় এর বয়স হয়েছিল ১৫ বছর।
পার্কের তত্ত্বাবধায়ক ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শুকলাল দাস শনিবার জানান, কয়েক মাস আগে একটি জেব্রা মারা গেছে। আজ (শনিবার) আরেকটি মারা গেল।
তিনি জানান, গত বছর এপ্রিল মাসে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে আফ্রিকার একটি দেশ থেকে এক জোড়া জেব্রা আনা হয়েছিল। বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর জেব্রা দুটি সাফারি পার্কে অবমুক্ত করা হয়।
শুকলাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'টি জেব্রাই বার্ধক্যজনিত কারণে মারা গেছে। পার্ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে এরা মরেনি।"
তিনি বলেন, জেব্রা সাধারণত ২০ বছর বাঁচে। মৃত জেব্রাটির ময়না তদন্ত করে দেখা গেছে এটির বয়স হয়েছে ১৫ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24