ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে 'সমঝোতা প্রক্রিয়া' শুরু হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
তবে সমঝোতার অর্থ প্রত্যেকের দাবি শতভাগ পূরণ হবে এমনটি নয় বলেই মনে করেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য তিনটি বুথ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেমস এফ মরিয়ার্টি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "সবার কাছে আমার এই আহ্বান, আপনারা সমঝোতা পৌঁছান। আমি মনে করি এরইমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ইতিবাচক উন্নয়ন বলেই আমি মনে করি।"
শেখ হাসিনার বিদেশ যাওয়ার বিষয় তুলে ধরে সাংবাদিকরা তার কাছে বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি এভাবেই জবাব দেন।
এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, "্সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান।"
খালেদা জিয়ার মুক্তির সম্ভাব্যতা নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ও এদেশের মানুষই বিষয়টি নির্ধারণ করবে।"
নবম সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর পরবর্তী সরকার কি করে বিষয়টির দিকে যুক্তরাষ্ট্র তাকিয়ে আছে জানিয়ে এই কূটনীতিক বলেন, "আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। তবে কি পরিস্থিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায় তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।"
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের প্রশ্নে মরিয়ার্টি জানান, পরবর্তীতে সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছ থেকে ঘুষ চাইলে তারা বিনিয়োগ করবে না।
তিনি বলেছেন, এমন ঘটনা কোনো ঘটনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিচার বিভাগের কাছে প্রতিবেদন দেবেন।
দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে মরিয়ার্টি বলেন, "স্বচ্ছতার সঙ্গে চলমান দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে যাওয়া জরুরি।"
যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য তিনটি নতুন বুথ যোগ হওয়ায় মোট বুথ সংখ্যা দাঁড়ালো ১১-এ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জিএনএ/১৬৩৯ ঘ.
bdnews24