চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির বিষয়ে সরকার 'সফলতার' শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
শনিবার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
সাংবাদিকরা খালেদা জিয়া ও তার দুই ছেলের মুক্তির বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান জানতে চাইলে হোসেন জিল্লুর রহমান বলেন, "এটা এক মুহূর্তের বিষয় নয়। আমরা সফলতার শেষ পর্যায়ে আছি। সব ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে। যাতে জাতিকে একটি অর্থবহ নির্বাচন এবং জাতীয় জীবনে অগ্রযাত্রার পথে বৃহত্তর ঐক্য সম্ভব হয়।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের অন্যতম হোসেন জিল্লুর বলেন, "বিএনপি দেশের অন্যতম প্রধান দল। তারা বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক প্র্রতিনিধিত্ব করে। এই কারণে প্রধান দুই দলকে নির্বাচনে সম্পৃক্ত করতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক দিকও সমন্বয়ের চেষ্টা করছে সরকার।"
তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য পুরো আস্থার পরিবেশ তৈরি করা। সেই সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি।"
সরকার নির্বাচনোত্তর স্থিতিশীলতা এবং গুণগত পরিবর্তনের জন্যও কাজ করছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।
শেখ হাসিনার মুক্তির প্রক্রিয়া নিয়ে কয়েকটি মহল থেকে যে প্রশ্ন তোলা হয়েছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোসেন জিল্লুর বলেন, "কে কী প্রশ্ন তুলেছে, সেটা আমাদের দেখার বিষয় না। প্রতিটি মুহূর্তে রিঅ্যাক্ট করা উচিত না।"
বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হোসেন জিল্লুর ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারাকাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মুহাম্মদ সেকেন্দার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24