ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথমদিনে ঢাকা বিভাগের চারটি জেলার ৮টি আসনের শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে শুনানিকালে সিইসি এটিএম শাসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও সচিব মহম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রথম দিনে টাঙ্গাইল ৫ ও ৬ কিশোরগঞ্জ ১ ও ২ এবং দুপুরে ফরিদপুর ২, ৩, ৪ এবং শরীয়তপুর ২ আসন থেকে আবেদন করা আপত্তিরও শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ্য শুনানির মাধ্যমে আপত্তি নিষ্পত্তি হবে। শুনানির রায় পরে জানিয়ে দেওয়া হবে।
আপত্তি আবেদন দাখিলের নির্ধারিত সময় ৩০ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত দেশের ৬টি বিভাগ থেকে ৯৫টি আসনের প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৩৮টি আসন, চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ১৩টি, বরিশালে ৯টি, সিলেটে ৭টি ও খুলনার ৬টি আসন থেকে আবেদন এসেছে।
আগামী ১৪ ও ১৫ জুন ঢাকা বিভাগের অন্য আসনগুলোর আপত্তি আবেদনের শুনানি হবে ইসির সম্মেলন কক্ষে। সিলেট সার্কিট হাউজে ১৯ জুন, কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ জুন, চট্টগ্রাম সার্কিট হাউজে ২৩ জুন, বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ জুন, খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৭ জুন এবং রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ জুন সেখানকার আসনগুলোর আপত্তি বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24