ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রোড ট্রান্সপার্ট করপোরেশনের (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে দুটি ঘুষের মামলায় ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জমান এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা গত বছরের ১৪ আগস্ট ঘুষ নেয়ার অভিযোগে তৈমুরের বিরুদ্ধে পল্টন থানায় চারটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এর দুটি'র রায় হলো।
একটি মামলার এজাহারে বলা হয়, তৈমুর আলম বিআরটিসির চেয়ারম্যান থাকা অবস্থায় বাস কেনার জন্য প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। ওই চুক্তি অনুযায়ী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি'র স্থানীয় এজেন্ট মেসার্স এসআর ট্রাক্টরস ২০০৪ সালে টাটার ৭৩টি বাস তৈরি করে। কিন্তু তৈমুর গাড়িগুলো বুঝে না নিয়ে এসআর ট্রাক্টরস এর মালিক শামসুল হুদার কাছে ২২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে তার প্রতিষ্ঠানকে 'কালো তালিকাভুক্ত' করারও হুমকি দেওয়া হয়।
শামসুল হুদা বাধ্য হয়ে বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের ১২টি পে-অর্ডারের মাধ্যমে তৈমুর আলমকে ২২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দেন।
এ মামলার রায়ে তৈমুরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর মামলার অভিযোগে বলা হয়েছে, তৈমুর আলম খন্দকার ২০০৬ সালে সিএনজি স্টেশনের জমি বরাদ্দের জন্য খিলক্ষেতের 'নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার' নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ লাখ টাকা ঘুষ নেন।
এ মামলাতেও তৈমুরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
যৌথবাহিনীর সদস্যরা গত বছরের ১৮ এপ্রিল তৈমুরকে গ্রেপ্তার করে। তার আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিআরটিসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া তৈমুর আলমকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অব্যাহতি দেয়। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আরও বেশ কয়েকটি মামলার বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জেকে/এমএইচবি/১৯১৭ ঘ.
bdnews24