ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তির প্রায় ১৮ ঘন্টা পর শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ৮টা ২৭ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী।
ঘটনাস্থল থেকে সর্বশেষ খবর দিচ্ছেন সুমন মাহবুব ও আবু নোমান সজীব।
হাসিনার বিদেশ যাওয়া উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকে মিরপুর রোড থেকে বিমান বন্দর সড়ক পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সুধাসদন থেকে রাস্তার দু'পাশে ছিল পুলিশ ও কয়েকটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিমান বন্দর এলাকায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা নেওয়া হয়। যাত্রী ছাড়া কাউকে বিমান বন্দরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সাংবাদিকরা বিমান বন্দরের বাইরে অপেক্ষা করেন।
দলীয় সভানেত্রীকে বিদায় জানানোর জন্য সকাল ছয়টা থেকে আওয়ামী লীগ নেতারা বিমান বন্দরে আসতে থাকেন। বিমান বন্দরে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী ও আবদুল মান্নান প্রমুখ।
আওয়ামী লীগের হাজার খানিক নেতাকর্মী সকালে জিয়া আন্তর্জাতিক বন্দরের সামনে জড়ো হলেও পুলিশ তাদের হটিয়ে দেয়।
সকাল প্রায় পৌণে সাতটায় কলাপাতা রংয়ের জর্জেট শাড়ি পরে সুধা সদনের বাস ভবন থেকে নিজ গাড়িতে চড়ে সাবেক প্রধানমন্ত্রী বিমানবন্দরের পথে রওয়ানা দেন। কঠোর নিরাপত্তার মধ্যে সাংবাদিকদের গাড়িসহ প্রায় ৩০ টির বেশি গাড়ি নিয়ে নিজ ভবন ত্যাগ করেন তিনি।
মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী ফ্লাইওভার পার হয়ে সকাল সাতটা ১০ মিনিটের দিকে জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান হাসিনা। অভিবাসনের প্রয়োজনীয় কাজ শেষে সকাল ৮টা ২৭ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-১৪৪ বিমানে করে তিনি ঢাকা ত্যাগ করেন।
এদিকে সুধা সদনের সামনেও ভোর থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী সুুধা সদনের সামনে জড়ো হয়। 'জেলের তালা ভেঙেছি, শেখ হাসিনাকে এনেছি' বলে স্লোগান দিতে থাকে।
সুধা সদন থেকে বের হওয়ার আগে হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, "নেত্রী প্যারোলে মুক্তি পাননি। নেত্রী নিঃশর্ত মুক্তি পেয়েছেন। মিডিয়ায় প্রকাশিত প্যারোলে মুক্তি পাওয়ার বিষয়টি সঠিক নয়। তিনি আট সপ্তাহের জন্য চিকিৎসার উদ্দেশে বাইরে যাচ্ছেন।"
তিনি জানান, ৮টা ২০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে করে শেখ হাসিনা আমেরিকার উদ্দেশে রওয়ানা দেবেন। পথে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে চার ঘণ্টা বিরতি নেবেন। ওখানে তার বোন শেখ রেহানা ও তার মেয়ের সঙ্গে দেখা করবেন। যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথমে ছেলে জয়ের বাসায় উঠবেন তিনি।
এর আগে বুধবার রাতে টেলিফোনে হাসিনা কথা বলেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে। তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে কথা হয় বলে কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন।
বুধবার রাতে কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে সরকারের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। বৈঠকের সিদ্ধান্ত হয়, সভানেত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সংলাপে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন।
বুধবার দুপুরে সরকার এক নির্বাহী আদেশে শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয়।
প্রায় ১১ মাস কারাবাসের পর দুপুর পৌনে ২টার দিকে শেখ হাসিনা বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমি ভালো আছি।"
শেখ হাসিনার মুক্তির বিষয়ে এক তথ্য বিবরণীতে বলা হয়, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার গত মার্চ মাসে সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ চেয়ে আবেদন করে। সরকার গত ৫ জুন তার চিকিৎসার অগ্রগতি ও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য মেডিকেল বোর্ড গঠন করে।"
"বোর্ডের সুপারিশ অনুযায়ী এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য তার অভিপ্রায় অনুযায়ী বিদেশ যাওয়ার সাময়িক সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।"
এতে আরো বলা হয়, "একইভাবে আইনি প্রক্রিয়া সমন্বয়ের মাধ্যমে খালেদা জিয়ার ক্ষেত্রেও দেশে বা বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।"
গত বছরের ১৬ জুলাই সুধা সদনের বাস ভবন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মুক্তির প্রেক্ষাপট
দুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকার অনেকটা আকষ্মিকভাবেই গত বৃহস্পতিবার আলাদা মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ড ওইদিনই হাসিনাকে পরীক্ষা করে সরকারের কাছে প্রতিবেদন দেয়।
মেডিক্যাল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ চলছিল। এ জন্য আইনজীবীদের আবেদনের মাধ্যমে দ্রুতগতিতে কয়েকটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে তার অব্যাহতির ব্যবস্থা করা হয়।
বোর্ডের চিকিৎসকরা পরামর্শ দেন, হাসিনা আগে যেখানে কানের চিকিৎসা নিয়েছেন, সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
২১ আগস্টের গ্রেনেড হামলায় প্রচণ্ড শব্দে শেখ হাসিনার কানের মারাত্মক ক্ষতি হলে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসইউএম/এম এআর/জিএনএ/০৮৩৮ ঘ.
bdnews24