রুহুল আমিন রানা
চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জুন ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালিমা বেগমকে আর পাওয়া যায়নি। গত বছর ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে তিন নাতনিসহ মাটি আর কাদার স্রোতে চাপা পড়েন তিনি। ওই দিন চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় ভোর রাত থেকে তুমুল বৃষ্টির কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাহাড় ও দেয়াল ধসে নিহত হয়েছিলেন ১২৭ জন। মাটির নিচে তিন সন্তানের লাশ পেলেও মাকে আর খুঁজে পাননি হালিমা বেগমের ছেলে লিটন।
১১ জুন সকালে পাহাড় ধসে চট্টগ্রাম সেনানিবাসসংলগ্ন কাইচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসে মারা যান ২৭ জন। এদেরই একজন হলেন হালিমা বেগম। ঘটনার তিনদিন পরেও সাত থেকে ১৫ ফুট মাটি খুঁড়ে অন্যদের লাশ উদ্ধার করা গেলেও এ বৃদ্ধার লাশ পাওয়া যায়নি।
শিশু সন্তানদের হারানোর এবং মায়ের লাশ না পাওয়ার বেদনা বুকে চাপা দিয়ে এখনও পাহাড়ের পাদদেশে সেই 'মৃত্যুকূপে' রয়ে গেছেন লিটন। তার মত স্বজনহারা অন্যরাও মৃত্যুর ঝুঁকি সত্ত্বেও এখানে থেকে গেছেন। খাড়া পাহাড়ের পাদদেশেই আবার ঘর বেধেছেন।
সন্তান ও মাকে হারানোর কষ্টের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানালেন বরিশালের ৩২ বছর বয়সী লিটন। তিনি বলেন, পরিবারের ছোট ছেলে হওয়ায় তাকে বেশি আদর করতেন মা হালিমা বেগম। কাইচ্যাঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে মাটির বাসায় তার সঙ্গে থাকতেন তিনি। সেদিন ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। হালিমা বেগম নাতনিদের নিয়ে মেতেছিলেন অন্য দিনের মত। বৃষ্টির কারণে এক বছর বয়সী মেয়েকে মার কাছে রেখে বাইরে গিয়েছিলেন তার স্ত্রী। তার আরও দুই মেয়ে তখন চৌকির ওপর খেলছিল। সকাল আটটার দিকে হঠাৎ এক লহমায় নিশ্চিহ্ন হয়ে গেলো সবাই।
লিটন বলেন, "মা আমাকে একটু বেশি পছন্দ করতো বলেই- চট্টগ্রাম শহরে থাকা ভাইদের ওখানে না থেকে এখানে থাকতেন। পানির স্রোত কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল মাকে- তা আজও ঠাহর করতে পারি না।"
মায়ের লাশ না পাওয়ার কষ্ট এখনও কুড়ে কুড়ে খায় লিটনকে। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, "সেদিন সকালে এক চৌকিতেই বসে ছিল ওরা চারজন। চোখের সামনেই ঘরের উপর পাহাড় ভেঙে পড়তে দেখলাম। সেদিকে কয়েক হাত যেতেই আমরাও পানি ও মাটির স্রোতে আটকে যাই। উপর থেকে উড়ে আসা একটি ঘরের চালার নিচে আটকা পড়ায় আমি রক্ষা পাই আর আমার সঙ্গী বাশার ভাই বুক পর্যন্ত মাটির নিচে চাপা পড়েন।"
তিনি জানান, তার তিন মেয়ে শারমিন (৯), শাহিনুর (সাড়ে পাঁচ বছর) ও শাহিদার (এক বছর দুই মাস) লাশ মাটির নিচে কয়েক হাতের ব্যবধানে পাওয়া গেলেও মায়ের কোন হদিশ মেলেনি।
"ঘটনার আড়াই/তিন মাস পরও আশেপাশের সব জায়গায় মাটি খুঁড়ে দেখেছি। মাটির নিচে কোথাও সবুজ কাপড়ের অংশ পাওয়া গেলে সেখানেই পাগলের মতো খুঁড়ে দেখেছি- কিন্তু মায়ের লাশ কোথাও পেলাম না", বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শ্রমজীবী লিটন।
পরহেজগার মায়ের লাশ ধর্মীয়ভাবে সৎকারও করতে না পারার দুঃখ এখনও তাকে পীড়া দেয়। এভাবে বছর জুড়ে এ ভয়াবহ ঘটনার দুঃসহ স্মৃতি আর শোক আকঁড়ে এখানেই বাস করছেন তারা।
তিনি বলেন, "ভাগ্যক্রমে এভাবে বেঁচে থাকাটাই এখন যেন অভিশাপ। তিন মেয়েকে হারিয়ে আমার স্ত্রী পাগল প্রায়।"
বরিশালের মেহেদীগঞ্জের নদীভাঙ্গা এ পরিবারটি ১৩/১৪ বছর আগে এখানে এসে বসতি গড়ে। লিটনের বোন তাজু বেগম (৫৫) বলেন, কখনো ভাবেনি যে পাহাড় আমাদের আশ্রয় দিয়েছিল, সেটিই কেড়ে নেবে সব সুখ-স্বাচ্ছন্দ্য।
উঁচু পাহাড় ঘেরা কাইচ্যাঘোনা ও এর সংলগ্ন কাঠাঁলবাগান এলাকা ঘুরে দেখা গেছে গত জুনের পাহাড় ধসের আগে যে ঘরটি যেখানে ছিল, সেভাবেই আছে। শুধুমাত্র যে তিনটি ঘরের উপর পাহাড় ধসে পড়েছিল, সে জায়গাটুকুতে আর ঘর তোলা হয়নি।
নিয়তিকে মেনে নিয়েই কবরে পরিণত হওয়া সেই জায়গাটির পাশেই আবার ঘর তুলেছেন লিটন। "আর কোন উপায় নেই"- বলেন তিনি।
পাহাড় ধেয়ে আসার সে দৃশ্য এখনও মনে পড়লে শিউরে ওঠেন এখানকার অপর বাসিন্দা মুহাম্মদ বাশার ও মো. বেলাল। কিছু বুঝে ওঠার আগে নিমিষেই সব শেষ হয়ে যাওয়ার দুঃসহ স্মৃতি এখনও কাতর করে ফেলে তাদের। তবুও স্বজন হারানো বেলাল, বাশার ও শাহিনরা ঝুঁকির মধ্যে বাস এই পাহাড়ের পাদদেশে সেই মাটির ঘরেই।
এ জায়গা ছাড়তে চান না বলে জানালেন তারা।
হতাশ কণ্ঠে বাশার বলেন, "কপাল খারাপ দেখেই তো এ পাহাড়ের গুহায় থাকতে হচ্ছে। উপায় থাকলে কি আর কেউ ইচ্ছে করে মরণ ডেকে আনতে চায়।"
আবারও এমন বিপর্যয়ের আশংকা প্রসঙ্গে আরও অনেকের মতো বেলাল বলেন, "নিরূপায়ের ভরসা ভাগ্য ছাড়া আর কিছু নেই। যা ক্ষতির তাতো হয়েই গেছে।" পেটে ক্ষুধা আর মাথা গোজার ঠাঁই না থাকলে মৃত্যুকে ভয় করে কি বেঁচে থাকা যাবে- পাল্টা প্রশ্ন করেন তিনি।
নিজ দায়িত্বে কোথাও যাওয়ার জায়গা ও সামর্থ্য নেই বলেই তারা পাহাড়ে নামমাত্র ভাড়া বা খাজনার বিনিময়ে ঘর তৈরি করে থাকতে পারছেন। দিনমজুর, রিকশাওয়ালা, ফেরিওয়ালাসহ নানা শ্রমজীবী প্রায় আড়াইশ পরিবারের দেড় হাজারের মতো সদস্য এখানে প্রায় বিশ বছর ধরে বাস করছেন।
এদের অনেকের অভিযোগ, পুর্নবাসনের জন্য সরকারি জায়গার যে আশ্বাস দেওয়া হয়েছিল তা ভুয়া আর ধাপ্পাবাজি ছাড়া কিছু নয়। ঘটনার পর প্রথমদিকে সরকারি লোকজন এলেও পরে কেউ আর যোগাযোগ করেনি বলে তারা জানান। ঝুঁকির উছিলায় ব্যক্তিমালিকানাধীন এ জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে গঠিত বিশেষ কমিটির সদস্য সচিব চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের পুর্নবাসনের প্রক্রিয়া চলছে। বিশেষ এ কমিটি এ পর্যন্ত ১১টি সভা করে প্রক্রিয়াটি প্রায় শেষ করে এনেছে। তবে জায়গা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে এটি চূড়ান্ত হয়নি।
প্রাথমিকভাবে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় পাহাড়ের অদূরে জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এটি চট্টগ্রাম সেনানিবাস কর্তৃপক্ষের ফায়ারিং রেঞ্জের আওতাভুক্ত হওয়ায় তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে জানালিহাট রেলওয়ে স্টেশনের কাছে পাঁচ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। এ জায়গাটি বরাদ্দ দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লেবু বাগান, কাইচ্যাঘোনা ও কুসুমবাগ পাহাড়ের পাদদেশ ও উপরে বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়া হয়নি বলে নাজমুল হক দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/এমএইচবি/২০০৩ ঘ.
bdnews24