২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে কমপক্ষে আরও ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ: অধ্যাপক তামিম

এ বছরের ডিসেম্বরের মধ্যেই কমপক্ষে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনে কিছুটা বিলম্ব হলেও জুলাইয়ের মধ্যে এই কেন্দ্রগুলোর বেশিরভাগের উৎপাদন শুরু হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম মঙ্গলবার কামরাঙ্গীর চর এলাকায় একটি বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন উপকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এ বছরের ডিসেম্বরের মধ্যেই কমপক্ষে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনে কিছুটা বিলম্ব হলেও জুলাইয়ের মধ্যে এই কেন্দ্রগুলোর বেশিরভাগের উৎপাদন শুরু হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম মঙ্গলবার কামরাঙ্গীর চর এলাকায় একটি বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন উপকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। ৩১ কোটি টাকা ব্যয়ে ১৩২/৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। অধ্যাপক তামিম বলেন, এ উপকেন্দ্র চালুর ফলে ডেসা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন এবং সরবরাহ সুবিধা বাড়বে। এতে লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, কুমারতলী, জিগাতলা ও ধানমণ্ডি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মান উন্নত হবে। এসব এলাকায় লোডশেডিং অনেক কমে আসবে। তিনি বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে গ্রাহকরা লোডশেডিং, লো ভোল্টেজসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ উপকেন্দ্র চালুর কারণে এ দুর্ভোগ আর থাকবে না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নতুন এ উপকেন্দ্র থেকে ৭টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়াও ঢাকা মহানগরীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও টেকসই করার লক্ষ্যে বৃহত্তর ঢাকা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের আওতায় আরও দু'টি উপকেন্দ্র নির্মাণ করা হবে। ডেসাকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানকে কোম্পানিতে রূপান্তরের ফলে গ্রাহক সেবা আরও বৃদ্ধি পাবে। ডেসার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান ও প্রকল্প সমন্বয়ক নুরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/১৯৩৩ ঘ.