২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা পলিটেকনিকে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদল-ছাত্রলীগের মারামারি

ফুটপাতে বসার মতো সামান্য ঘটনা নিয়ে মারামারি করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ এবং ছাত্রদলের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফুটপাতে বসার মতো সামান্য ঘটনা নিয়ে মারামারি করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ এবং ছাত্রদলের কর্মীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। উত্তেজিত ছাত্ররা এসময় রাস্তায় তিন/চারটি গাড়িও ভাংচুর করে। শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইনস্টিটিউটের ফুটপাতে বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের কর্মী দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর ঘন্টাখানেক পরে আ.লতিফ ছাত্রাবাস থেকে উভয়পক্ষের একদল ছাত্র লাঠিসোঁটা নিয়ে বের হয়ে কলেজ ক্যাম্পাসে আসে। আগে থেকে ক্যাম্পাসে অবস্থান নেওয়া কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। উপ পরিদর্শক মতিয়ার জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি খুবই ক্ষুদ্র। আমরা দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসকে/১৫৩৩ঘ.