ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থ বছরের বাজেটে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যে বিপুল পরিমাণ ঋণ নেয়ার পরিকল্পনা করেছে তা বিনিয়োগকে বাধাগ্রস্ত করার পাশাপাশি পরবর্তী বাজটেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার বিকেলে বাজেট প্রস্তাব উত্থাপন করা পর এর প্রতিক্রিয়ায় জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজেটে ঘাটতি কমাতে যে বিপুল অঙ্কের অর্থ ঋণ নেয়ার প্রস্তাব করা হয়েছে তা এ বাজেটের ঝুঁকিপূর্ণ দিকগুলোর অন্যতম।"
অর্থ উপদেষ্টা ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার ৪৯৮ কোটি টাকার ঋণ নেওয়ার প্রস্তাব করেছেন। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ১০ হাজার ৩৯৮ কোটি টাকা। এর আগে বাজেট ঘাটতি মেটাতে কখনোই ব্যাংক ব্যবস্থা থেকে এতো ঋণ নেয়নি সরকার।
জায়েদ বখত বলেন, "রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে এ ঋণ নেয়া হলে পরবর্তী বছরের বাজেটেও তা নেতিবাচক প্রভাব ফেলবে। আর বেসরকারি ব্যাংকগুলোতে হাত দেয়া হলে তার বিনিয়োগে বাধা সৃষ্টি করবে।"
তার মতে, ২০০৮-০৯ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ২৫ হাজার ৬০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিও বাস্তবতার সঙ্গে মেলে না।
বিআইডিএস এর অর্থনীতিবিদ বলেন, "চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে যেখানে মাত্র ১২ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, সেখানে নতুন অর্থবছরের এ প্রস্তাব অবাস্তব।"
জায়েদ বখত বলেন, বাজেটে শিল্পের কাঁচামাল, খাদ্য ও জ্বালানি, কৃষি ভর্তুকি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতার যে প্রস্তাব করা হয়েছে তা অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক হবে।
তবে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং প্রবৃদ্ধির হার বাড়ানোর মতো বিষয়গুলোতে বাজেটে যথেষ্ট দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন তিনি।
জায়েদ বখতের মতে, ঝুঁকি কমাতে প্রস্তাবিত বাজেটের আকার ৪০০ থেকে ৫০০ কোটি টাকা কম হওয়া উচিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেকে/এমএইচবি/০০৩২ ঘ.
bdnews24